চট্টগ্রামে পাঁচ লাখ পিস ইয়াবাসহ নয় মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব। জব্দকৃত এসব ইয়াবার বাজারমূল্য আনুমানিক ১৫ কোটি টাকা।
শনিবার (১১ এপ্রিল) দুপুরে চান্দগাঁও ক্যাম্পে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান।
তিনি বলেন, গোপন সংবাদে শুক্রবার রাতে পতেঙ্গায় একটি ফিশিং ট্রলারে অভিযান চালানো হয়। এ সময় ট্রলারের মাছের স্টোর থেকে ইয়াবা ভর্তি তিনটি বস্তা জব্দ করা হয়। এসব বস্তা খুলে ইয়াবার ৫০টি কার্ড পাওয়া যায়। প্রতি কার্ডে ১০ হাজার করে পাঁচ লাখ পিস ইয়াবা ছিল।
তিনি আরও বলেন, এ ঘটনায় ফিশিং ট্রলারে থাকা নয় মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে পাঁচজন রোহিঙ্গা এবং চারজন বাংলাদেশি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে, তারা দীর্ঘদিন ধরে ইয়াবার কারবারে জড়িত।
গ্রেফতার রোহিঙ্গারা হলেন, কক্সবাজারের উখিয়া ১৫ নম্বর শরণার্থী ক্যাম্পের সৈয়দ আলম (৪৫), ১০ নম্বর ক্যাম্পের সুলতান আহম্মদ(৫৫), মো. ইউসুফ (৪৫), মো. কাসিম (৩০), মো. ইসমাইল (৪০)।
বাকি চারজন হলেন, কক্সবাজারের মহেশখালী থানার জালিয়াপাড়া বাঘকাটাঘোনার গ্রামের মৃত আবদুল মজিদের ছেলে শাহ আলম (৩৫), টেকনাফ থানার দক্ষিণপাড়া গ্রামের মৃত আলী উল্লাহর ছেলে আজম উল্লাহ (৫৭), একই গ্রামের সিদ্দিক আহম্মদের ছেলে মো. ফারুক (২৫) এবং ডেল পাড়া গ্রামের মৃত মোজাহেরুল হকের ছেলে ছানাউল্লাহ (৫৭)।
এফআর