দুপুরের মধ্যে দেশের চারটি অঞ্চলে দমকা হাওয়াসহ ঝড়বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।
একইসঙ্গে, এ সময় স্বাভাবিকের সময়ের চেয়ে কয়েকগুণ জোরে দমকা হাওয়া বয়ে যেতে পারে। সেজন্য নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেতও দেখাতে বলা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে অধিদফতরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য একটি পূর্বাভাস প্রকাশ করেছে। এতে জানানো হয়, বৃহস্পতিবার দুপুর ১টার মধ্যে রংপুর, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেট অঞ্চলে ঝড়ো আবহাওয়ার সম্ভাবনা রয়েছে। এসব এলাকায় পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। পাশাপাশি বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টিও হতে পারে।
এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট অঞ্চলের নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ সতর্ক সংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে, আগের রাতে আবহাওয়া অধিদফতরের প্রকাশিত সারাদেশের পূর্বাভাসে বলা হয়, আজ সন্ধ্যা ৬টার মধ্যে ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-একটি স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।
একই সঙ্গে, দেশের দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এছাড়া, পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলায় বর্তমানে যে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ চলছে, তা কিছুটা কমে আসতে পারে।
/ইউএমএইচ