বিদেশে যাওয়ার পথে দৈনিক অবজারভার পত্রিকার সম্পাদক ইকবাল সোবহান চৌধুরীকে আটকে দেওয়া হয়েছে। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে ফেরত পাঠিয়েছে ইমিগ্রেশন পুলিশ।
বুধবার (১৫ এপ্রিল) দুপুরে তাকে বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়। সৌদি এয়ারলাইনসের এসভি-৮০৯ ফ্লাইটে তার জেদ্দায় যাওয়ার কথা ছিল। তবে ইমিগ্রেশন প্রক্রিয়ার সময় তাকে আর যেতে দেওয়া হয়নি। বিমানবন্দরের দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।
সূত্রটি বলেছেন, বুধবার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে যেতে না দিয়ে ফেরত পাঠানো হয়। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক মামলার আসামি।
তিনি আরও বলেছেন, তার পাসপোর্ট ইমিগ্রেশন বিভাগের স্টপলিস্টেড ছিল। এ কারণে তাকে যেতে দেওয়া হয়নি।
উল্লেখ্য, দুপুর ২টা ১০ মিনিটে তাকে অফলোড করে একটি সাধারণ ডায়েরিও (জিডি) করে ইমিগ্রেশন পুলিশ। পরে তিনি বিমানবন্দর থেকে বাসায় ফিরে যান।
/ইউএমএইচ