তিন বছর পর নতুন পূর্ণাঙ্গ উপন্যাস নিয়ে আসছেন জাপানি কথাসাহিত্যিক হারুকি মুরাকামি। এবারই প্রথম তার কোনো উপন্যাসের কেন্দ্রে থাকছে এক নারী চরিত্র, যার জীবন ও অদ্ভুত এক জগৎ থেকে বেরিয়ে আসার লড়াই ঘিরে গড়ে উঠেছে নতুন এই কাহিনি।
আগামী ৩ জুলাই ‘দ্য টেল অব কাহো’ শিরোনামের উপন্যাসটি ছাপা ও ডিজিটাল সংস্করণে প্রকাশিত হবে। এতে কেন্দ্রীয় চরিত্র ‘কাহো’, ২৬ বছর বয়সী এক তরুণী, যিনি পেশায় সচিত্র শিশুতোষ গ্রন্থের লেখিকা।
মুরাকামির সর্বশেষ উপন্যাস ‘দ্য সিটি অ্যান্ড ইটস আনসার্টেইন ওয়ালস’ প্রকাশিত হয়েছিল তিন বছর আগে। সেই উপন্যাসে এক পুরুষ চরিত্রকে কেন্দ্র করে প্রেম, একাকিত্ব এবং বাস্তব ও অবচেতনের দ্বন্দ্ব তুলে ধরা হয়।
প্রকাশনা সংস্থা শিনচোশা পাবলিশিং কোম্পানি এক বিবৃতিতে জানিয়েছে, মুরাকামির কোনো পূর্ণাঙ্গ উপন্যাসে কাহোই প্রথম নারী চরিত্র, যিনি এককভাবে মুখ্য ভূমিকায় উপস্থিত হচ্ছেন।
জানা গেছে, শুরুতে ‘কাহো’ নামেই ছোটগল্প হিসেবে লেখা হয়েছিল এই কাহিনি। দুই বছর আগে টোকিওর ওয়াসেদা বিশ্ববিদ্যালয়ে এক পাঠচক্রে গল্পটি পড়ে শোনান মুরাকামি। ওই অনুষ্ঠানে তার সঙ্গে উপস্থিত ছিলেন লেখক মেকো কাওয়াকামি। পরে ২০২৪ সালের জুনে ‘শিনচো’ পত্রিকায় গল্পটি প্রথম প্রকাশিত হয়।
উপন্যাসে কাহোকে দেখানো হয়েছে এক সাধারণ তরুণী হিসেবে, যার মধ্যে প্রচলিত অর্থে অসাধারণ কোনো বৈশিষ্ট্য নেই। তবে তার কৌতূহল প্রবল। এক নৈশভোজে এক ব্যক্তির কাছ থেকে অপ্রত্যাশিত এক মন্তব্য শোনার পর তার জীবনে একের পর এক অদ্ভুত ও অতিপ্রাকৃত ঘটনা ঘটতে শুরু করে।
প্রকাশনা সংস্থার দেওয়া টিজারে বলা হয়েছে, আমাকে এই জগৎ থেকে বেরোনোর পথ খুঁজে বের করতেই হবে।
প্রকাশকদের দাবি, নতুন এই উপন্যাসে মুরাকামির স্বতন্ত্র জগৎ আবারও পূর্ণতা নিয়ে ফিরে এসেছে।
এর আগে ‘শিনচো’ পত্রিকায় এই সিরিজের আরও তিনটি গল্প প্রকাশিত হয়, ‘দি অ্যান্টইটার অভ মুসাশি-সাকাই’, ‘কাহো অ্যান্ড দ্য টারমাইট কুইন’ এবং ‘কাহো অ্যান্ড দ্য মোটরসাইকেল ম্যান, অ্যান্ড স্কারলেট জোহানসন’।
সিরিজের প্রথম গল্পের ইংরেজি অনুবাদ করেছিলেন ফিলিপ গ্যাব্রিয়েল, যা ২০২৪ সালে ‘দ্য নিউ ইয়র্কার’-এ প্রকাশিত হয়।
প্রকাশক জানিয়েছে, চারটি অংশকে পরিমার্জন ও সম্প্রসারণ করে ৩৫২ পৃষ্ঠার এই পূর্ণাঙ্গ উপন্যাসে রূপ দিয়েছেন মুরাকামি।