কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, সংসদে বসে লোডশেডিং পাওয়া যাবে না। জনগণের সমস্যা বুঝতে হবে, জনগণের কাছে যেতে হবে। রোববার (২৬ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে তিনি এ কথা বলেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, এই সংসদে বসে, এসি রুমে বসে, এসি গাড়িতে চড়ে, মন্ত্রণালয়ের এসিতে বসে, বাসায় ২৪ ঘণ্টা বৈদ্যুতিক ব্যবস্থায় বসে জনগণের সমস্যা বোঝা যায় না। এ জন্য আমরা যখন সংসদে দাঁড়াই তখন জনগণের সমস্যা অনুধাবন করতে পারি না।
তিনি বলেন, সংসদে যারা বসে আছি, আমরা দেশের মধ্যে অন্যতম সুবিধাভোগী। জনগণের কাছে যেতে হবে, জনগণের সমস্যাগুলো বুঝতে হবে। তাদের সমস্যাগুলো আমাদের নিরসন করতে হবে।
এনসিপির এই নেতা বলেন, আবার বিভাজনের রাজনীতি শুরু হয়েছে, তবে সেখানে বিএনপি সুবিধা পাবে না, জামায়াত সুবিধা পাবে না, এনসিপি সুবিধা পাবে না। পরাজিত শক্তি সুবিধাভোগী হবে।
তিনি আরও বলেন, আমরা আশাহত হই, যখন দেখি ট্যাগিং দেওয়া হচ্ছে, বিশ্ববিদ্যালয়গুলো অস্থিরতা দেখা যাচ্ছে। আমরা আবারও আগের জায়গায় ফিরে যাচ্ছি। মত প্রকাশের জন্য বাসা থেকে তুলে নেওয়া হচ্ছে। আমরা মতপ্রকাশের স্বাধীনতা চাই। আমরা শুধু মত নয়, আমরা দ্বিমত প্রকাশ করতে চাই। কিন্তু আমাদের মত প্রকাশে বাধা দেওয়া হচ্ছে।
হাসনাত বলেন, বিশ্ববিদ্যালয়ে ফের গেস্টরুম-গণরুমের কালচার গড়ে উঠছে। ক্ষমতাসীনরা তাদের সন্তানদের বিদেশে রেখে নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করে। মধ্যবিত্তদের সন্তানদের রাজনীতিতে ব্যবহার করে ক্ষমতালোভীরা। এসব সন্তানের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। আমরা এই পরিস্থিতির অবসান চাই।
সময়ের আলো/আআ