সিনিয়র বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) কর্মকর্তাদের জন্য আয়োজিত এক্সিকিউটিভ ডেভেলপমেন্ট প্রোগ্রামে অংশ নিতে এক অতিরিক্ত সচিবসহ ১১ জন যুগ্ম সচিব পাকিস্তানে যাচ্ছেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহমুদ উল্লাহ মারুফ স্বাক্ষরিত এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিদেশ প্রশিক্ষণ শাখা থেকে জারি করা আদেশে বলা হয়েছে, কর্মকর্তারা পাকিস্তানের লাহোরে সিভিল সার্ভিসেস একাডেমিতে অনুষ্ঠিত প্রশিক্ষণে অংশ নেবেন। আগামী ৪ মে থেকে ২১ মে ২০২৬ পর্যন্ত এ প্রশিক্ষণ চলবে।
এতে আরও জানানো হয়েছে, কর্মকর্তারা ৪ মে’র কাছাকাছি সুবিধাজনক সময়ে পাকিস্তানের উদ্দেশে রওনা হবেন। প্রশিক্ষণকাল ও যাতায়াত সময় দাপ্তরিক দায়িত্ব হিসেবে গণ্য হবে। প্রশিক্ষণের সব ব্যয় বহন করবে পাকিস্তান সরকার।
এ সফরের জন্য বাংলাদেশ সরকারের কোনো ব্যয় হবে না। প্রশিক্ষণ শেষে কর্মকর্তাদের দ্রুত নিজ নিজ কর্মস্থলে যোগ দিতে হবে এবং পাঁচ দিনের মধ্যে বিদেশ প্রশিক্ষণ শাখায় প্রতিবেদন জমা দিতে হবে।
/কেএইচও