রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে সংঘটিত চাঞ্চল্যকর সৌদি রিয়াল চুরির ঘটনায় রহস্য উদঘাটন করে দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১ মে) বিকেলে প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এর আগে ২২ এপ্রিল আশকোনা হজ ক্যাম্পে এক হজযাত্রীর কাছ থেকে প্রায় ২২ হাজার সৌদি রিয়াল (প্রায় ৮ লাখ টাকা) চুরি করে একটি সংঘবদ্ধ চক্র।
তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তৎপরতায় পরিচালিত যৌথ অভিযানে চুরি হওয়া অর্থের বড় একটি অংশও উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুরের সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) জাবীর হুসনাইন সানীব।
তদন্তের ধারাবাহিকতায় সিটি এসবি’র তথ্যপ্রযুক্তি সহায়তায় মতলব এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) জাবীর হুসনাইন সানীব। তার সঙ্গে ছিলেন মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান মানিক, এসআই জীবন, এসআই দেলোয়ার, এসআই সুজিত চন্দ্র দে, এসআই সাকিব এবং কনস্টেবল তুষার সহ একটি অভিযানিক দল।
রেডিও লোকেশন ট্র্যাকিংয়ের মাধ্যমে মুন্সীগঞ্জের গজারিয়া হয়ে ডেমরা অতিক্রম করে খিলক্ষেত এলাকায় পৌঁছে বিশেষ পুলিশ সুপার (সিটি এসবি উত্তর) মো. রেজাউল করিমের টিম। যৌথ অভিযানে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দিবাগত রাত ৩টার মিনিটে তথ্যের ভিত্তিতে টঙ্গি স্টেশন রোড এলাকা থেকে নাদিমকে আটক করা হয়।
পরবর্তীতে গাজীপুর এলাকায় অভিযান চালিয়ে চুরি হওয়া ৫০০ রিয়ালের ৩৫টি নোটসহ মোট ১৭ হাজার ৫০০ সৌদি রিয়াল উদ্ধার করা হয়। এছাড়া, চুরি হওয়া অর্থের একটি অংশ ভাঙিয়ে নেওয়া টাকার মধ্যে ৯০ হাজার টাকা জব্দ করা হয়েছে।
পুলিশ জানায়, এ ঘটনার মূল পরিকল্পনাকারী আব্দুল মান্নান পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
সানীব আরও বলেন, তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার ও বিভিন্ন ইউনিটের সমন্বয়ে দ্রুত সময়ের মধ্যে চুরির রহস্য উদঘাটন সম্ভব হয়েছে। পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে।
সময়ের আলো/জোই