নিউজিল্যান্ডের বিপক্ষে সাদা বলের সিরিজ শেষে এবার আরেক বড় লড়াইয়ের প্রস্তুতি নিতে যাচ্ছে বাংলাদেশ। সীমিত ওভারের সিরিজ শেষ করেই দেশে ফিরে যাচ্ছে সফরকারী নিউজিল্যান্ড; আর ঠিক সেই সময়ই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ খেলতে ঢাকায় পা রাখছে পাকিস্তান। দুদলের এই যাওয়া-আসার ভিড়ে নতুন করে জমে উঠছে মিরপুর ও সিলেটের টেস্ট উত্তাপ।
৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ শেষে রোববার ঢাকা ছাড়ছে নিউজিল্যান্ড। একই দিনে দুই টেস্টের সিরিজ খেলতে ঢাকায় পৌঁছানোর কথা শান মাসুদের নেতৃত্বাধীন পাকিস্তানের। তবে পুরো স্কোয়াড একসঙ্গে আসছে না, দুই ধাপে ঢাকায় পৌঁছাবে তারা। একটি অংশ আজ ভোরেই ঢাকা নামার কথা, আর বাকি ক্রিকেটাররা আসবে পিএসএল ফাইনাল শেষ করে।
সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ৮ মে শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে, যা চলবে ১২ মে পর্যন্ত। দ্বিতীয় টেস্টটি হবে ১৬ থেকে ২০ মে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। এই দুদলের সাম্প্রতিক লড়াইয়ের স্মৃতি অবশ্য বেশ তাজা। চলতি বছরের মার্চেই ঢাকায় তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হয়েছিল দুদল। সেখানে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছিল বাংলাদেশ। এবার অবশ্য লড়াই লাল বলের, যেখানে ইতিহাস এখনও পুরোপুরি বাংলাদেশের পক্ষে নয়।
বাংলাদেশ ও পাকিস্তান এখন পর্যন্ত ১৫টি টেস্টে মুখোমুখি হয়েছে। এর মধ্যে বাংলাদেশের জয় মাত্র ২টিÑ দুটিই ২০২৪ সালে রাওয়ালপিন্ডিতে। সিরিজের হিসাবেও এগিয়ে পাকিস্তান। সাতটি টেস্ট সিরিজের মধ্যে ছয়টিতেই জিতেছে তারা, বাংলাদেশের একমাত্র সাফল্য এসেছে সেই ২০২৪ সালেই। সবশেষ ২০২১ সালের ডিসেম্বরে বাংলাদেশ সফরে এসে ২-০ ব্যবধানে সিরিজ জিতেছিল পাকিস্তান।
আসন্ন সিরিজের জন্য শক্তিশালী দল নিয়েই এসেছে পাকিস্তান। অন্যদিকে বাংলাদেশও স্কোয়াডে রেখেছে নতুন চমক। প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেয়েছেন তানজিদ হাসান, যিনি সাদা বলের ক্রিকেটে পরিচিত মুখ হলেও লাল বলে একেবারেই নতুন। পাশাপাশি দলে আছেন তরুণ ব্যাটার অমিত হাসান, যিনি দীর্ঘদিন ধরেই ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্স করে জাতীয় দলে সুযোগের অপেক্ষায় ছিলেন।
সময়ের আলো/আআ