বাংলাদেশ পুলিশের ১৬ জন ডিআইজি ও একজন অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।
রোববার (৩ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখা-১ হতে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে এতে স্বাক্ষর করেছেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মঞ্জুর মোর্শেদ চৌধুরী।
প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (পুলিশ) ক্যাডারের সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে তাদেরকে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো।
আরও পড়ুন
অবসরপ্রাপ্ত কর্মকর্তারা ডিআইজি পদমর্যাদার কর্মকর্তারা হলেন- এন্টি টেরোরিজম ইউনিটের মফিজ উদ্দিন আহম্মেদ, হাইওয়ে পুলিশ ঢাকায় কর্মরত ইমতিয়াজ আহমেদ, সিআইডি, ঢাকায় কর্মরত মো. হাবিবুর রহমান, পুলিশ অধিদফতরের (টিআর) সালেহ মোহাম্মদ তানভীর (বর্তমানে এনডিসি কোর্সে প্রশিক্ষণরত), জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদফতর ঢাকায় কর্মরত মো. হারুন-অর-রশীদ, ঢাকায় পুলিশ স্টাফ কলেজের এস এম আক্তারুজ্জামান, নোয়াখালীর পিটিসির মো. হায়দার আলী খান, পিটিসি, খুলনার মো. মাহবুবুর রহমান ভূঁইয়া, ঢাকা ট্যুরিস্ট পুলিশের মো. রুহুল আমিন, হাইওয়ে পুলিশ ঢাকায় কর্মরত মো. রফিকুল হাসান গনি, ডিআইজি, নৌ-পুলিশ, ঢাকাতে কর্মরত মো. মিজানুর রহমান, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার (বর্তমানে ডিআইজি, সিআইডি হিসেবে বদলির আদেশপ্রাপ্ত) মো. মজিদ আলী, পুলিশ অধিদফতর, ঢাকা (বর্তমানে ডিআইজি, পুলিশ স্টাফ কলেজ, ঢাকা হিসেবে বদলির আদেশপ্রাপ্ত) কাজী জিয়া উদ্দিন ডিআইজি, ঢাকা রেলওয়ে পুলিশের মো. গোলাম রউফ খান, কমান্ড্যান্ট (ডিআইজি), পিটিসি, রংপুর শেখ মোহাম্মদ রেজাউল হায়দার, ঢাকা হাইওয়ে পুলিশের রখফার সুলতানা খানম।
এছাড়া অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার রেলওয়ে পুলিশের (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) ফারহাত আহমেদকেও বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে,তারা বিধি অনুযায়ী অবসর সুবিধা পাবেন। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
এএডি/