বিচার বিভাগে সরকারের হস্তক্ষেপের কোনো সুযোগ নেই : আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বিচারকদের নিয়ন্ত্রণ, বদলি কিংবা পদায়নের ক্ষেত্রে সরকারের হস্তক্ষেপ করার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি জানান,

2026-05-08T19:34:18+00:00
2026-05-08T19:34:18+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
বিচার বিভাগে সরকারের হস্তক্ষেপের কোনো সুযোগ নেই : আইনমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৮ মে, ২০২৬, ৭:৩৪ পিএম 
বিচার বিভাগে সরকারের হস্তক্ষেপের কোনো সুযোগ নেই : আইনমন্ত্রী
বিচারকদের নিয়ন্ত্রণ, বদলি কিংবা পদায়নের ক্ষেত্রে সরকারের হস্তক্ষেপ করার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি জানান, দেশে একটি সম্পূর্ণ স্বাধীন ও প্রভাবমুক্ত বিচার বিভাগ প্রতিষ্ঠা করাই বর্তমান সরকারের প্রধান লক্ষ্য। 

শুক্রবার (৮ মে) সকালে খুলনা জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে আয়োজিত নবীন আইনজীবীদের সংবর্ধনা ও বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আইনমন্ত্রী স্পষ্ট করেন, বিচারালয়কে মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠানে পরিণত করার মাধ্যমেই দেশে ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব।

অনুষ্ঠানে আইনমন্ত্রী বিগত রাজনৈতিক পরিস্থিতির কথা উল্লেখ করে বলেন, আওয়ামী লীগ সরকার যে অবস্থায় দেশ রেখে গিয়েছিল, সেখান থেকে উত্তরণে জনগণকে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। বহু মানুষ আহত হয়েছেন এবং প্রাণ হারিয়েছেন। 

সেই সংকটময় অবস্থা কাটিয়ে একটি স্বাধীন বিচার ব্যবস্থা গড়ে তোলার কাজ বর্তমানে চলমান রয়েছে। বিশেষ করে বহুল আলোচিত জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী এই সনদ বাস্তবায়নে বদ্ধপরিকর এবং সরকার এ লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করছে। তবে জাতীয় স্বার্থ বিবেচনা করে বিএনপি কিছু বিষয়ে ভিন্নমত বা ‘নোট অব ডিসেন্ট’ দিয়েছে বলে তিনি সভায় জানান।

নবীন আইনজীবীদের পেশাগত জীবনের শুরুতে দিকনির্দেশনা দিয়ে মন্ত্রী বলেন, গণতন্ত্র, আইনের শাসন ও মানবাধিকারকে শক্তিশালী করতে বিচারালয়কে তীর্থস্থানের মতো পবিত্র ও মর্যাদাপূর্ণ স্থানে পরিণত করতে হবে। 

এজন্য তিনি আইনজীবীদের সততা, নিষ্ঠা এবং পেশাগত দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তিনি সাফ জানিয়ে দেন, সব ধরনের অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থেকে সাধারণ মানুষের আইনি অধিকার রক্ষায় আইনজীবীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। দক্ষ বিচারক তৈরির পূর্বশর্ত হিসেবে দক্ষ আইনজীবী গড়ে তোলা আবশ্যক বলে তিনি মন্তব্য করেন।

আইনজীবীদের মানোন্নয়নে সরকারের ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়ে আইনমন্ত্রী বলেন, পেশাগত দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। এই লক্ষ্যে একটি ব্রিটিশ প্রতিষ্ঠানের কারিগরি সহযোগিতায় খুব শিগগিরই দেশের প্রতিটি জেলা বারে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। 

এদিনের অনুষ্ঠানে খুলনা বারের ১৭৪ জন নবীন আইনজীবীকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয় এবং জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা দেওয়া হয়। এর আগে মন্ত্রী জেলা জজ আদালতের কনফারেন্স রুমে বিচার বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন।

খুলনা জেলা আইনজীবী সমিতির সভাপতি মোল্লা মোহাম্মদ মাসুম রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, সংসদ সদস্য আমীর এজাজ খান, জাহাঙ্গীর হোসেন হেলাল, জেলা প্রশাসক হুরে জান্নাত এবং সিনিয়র জেলা ও দায়রা জজ চাঁদ মোহাম্মদ আব্দুল আলীম আল রাজী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোল্লা মশিয়ুর রহমান নান্নু।

সময়ের আলো/টিএইচ


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: