স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, আওয়ামী লীগ এবং অন্তর্বর্তী সরকারের আমলে স্থানীয় সরকার বিভাগে সংঘটিত অনিয়মের তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন।
শনিবার (২৩ মে) সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান।
প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, ২০০৯ থেকে ২০২৬ সাল পর্যন্ত স্থানীয় সরকার বিভাগ ও এর আওতাধীন দফতর ও সংস্থার দুর্নীতি এবং অনিয়ম খতিয়ে দেখতে স্থানীয় সরকার বিভাগের মহাপরিচালককে আহ্বায়ক করে ৭ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে সরকার।
কমিটিকে আওয়ামী লীগ ও অন্তর্বর্তী সরকার আমলের তদন্ত করে ৬০ কর্মদিবসের মধ্যে এ বিষয়ে প্রতিবেদন দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তিনি।
তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের সময় একটি প্রকল্পে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া সচিবের স্বাক্ষর ছাড়াই ফাইল পাস করেছেন।
পিরোজপুরের উন্নয়ন প্রকল্প নিয়ে অনিয়মের তথ্য তুলে ধরে তিনি বলেন, পিরোজপুরে প্রকল্পের টেন্ডার দেওয়ার পর, কোনো কাজ ছাড়াই ছয় হাজার কোটি টাকা তুলে নেওয়া হয়েছে। এ কারণে গত দুই বছর ধরে পিরোজপুরের সব উন্নয়ন প্রকল্প বন্ধ রয়েছে। শিগগিরই পিরোজপুরে সরেজমিন পরিদর্শন করে বন্ধ প্রকল্প চালুর ব্যবস্থা নেয়া হবে।
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, এভাবে অন্যান্য অনেক জেলায় রাস্তা নির্মাণ, সেতু নির্মাণের ক্ষেত্রে অনিয়ম দুর্নীতি হয়েছে।
সময়ের আলো/আআ