পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ট্রেনযাত্রী নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় ভ্রমণ নিশ্চিত করতে বিশেষ কোচ যুক্ত করা হয়েছে। সোমবার (২৫ মে) ঢাকা রেলওয়ে স্টেশন থেকে সিলেটগামী জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনে এই বিশেষ কোচের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
সরকারের বিশেষ নির্দেশনায় চালু হওয়া এই সেবাটি ঈদের আগের তিন দিন অর্থাৎ আগামী বুধবার (২৭ মে) পর্যন্ত নিয়মিত চালু থাকবে বলে রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।
বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের বিশেষ কোচের নারী যাত্রীদের বিদায় জানানোর মাধ্যমে এই নতুন সেবার উদ্বোধন করেন। উদ্বোধনের সময় তার সাথে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক মো. নাজমুল হাসান, পূর্বাঞ্চলীয় মহাব্যবস্থাপক সুবক্তগীন এবং বিভাগীয় রেলওয়ে ম্যানেজারসহ রেলওয়ের শীর্ষ কর্মকর্তারা।
উদ্বোধনের পর কর্মকর্তারা ট্রেনের ভেতরে গিয়ে নারী যাত্রীদের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের ঈদের অগ্রিম শুভেচ্ছা জানান। ট্রেনে নিজেদের জন্য সম্পূর্ণ আলাদা ও নিরাপদ বসার ব্যবস্থা পেয়ে নারী যাত্রীরা দারুণ সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং সরকারের এই সময়োপযোগী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, পরীক্ষামূলকভাবে প্রাথমিকভাবে ঢাকা-সিলেট-ঢাকা রুটে চলাচলকারী জয়ন্তিকা এক্সপ্রেস এবং ঢাকা-চট্টগ্রাম-ঢাকা রুটে বিরতিহীন চলাচলকারী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনে নারীদের জন্য এই বিশেষ কোচ সংযুক্ত করার সার্ভিসটি চালু করা হয়েছে।
ঈদযাত্রায় নারীদের অতিরিক্ত ভিড় ও ভোগান্তি কমাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামীতে যাত্রীদের চাহিদার ওপর ভিত্তি করে অন্য দূরপাল্লার ট্রেনগুলোতেও নারীদের জন্য এমন আলাদা কোচ যুক্ত করার বিষয়টি বিবেচনা করা হতে পারে বলে রেলওয়ে সূত্রে জানা গেছে।
সময়ের আলো/টিএইচ