রাজধানীর ব্যস্ততম এলাকা নর্দায় বুধবার (২৭ মে) সকালে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একজন নিহত এবং অন্তত ১২ জন আহত হয়েছেন। ঢাকা-বরিশাল মহাসড়কে চলাচলকারী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে অপর একটি বাসে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, সকালে দ্রুতগতিতে আসা ‘ইসলাম পরিবহন’ নামের একটি বাস সামনে থাকা ‘আকাশ পরিবহন’-এর একটি বাসকে পেছন দিক থেকে জোরালোভাবে আঘাত করে। সংঘর্ষের পর নিয়ন্ত্রণ হারিয়ে ইসলাম পরিবহনের বাসটি সড়কের আইল্যান্ডের ওপর উল্টে যায়। এতে ঘটনাস্থলেই এক যাত্রীর মৃত্যু হয়।
দুর্ঘটনার তীব্রতায় আকাশ পরিবহনের বাসটির পেছনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এ সময় দুই বাসের বেশ কয়েকজন যাত্রী আহত হন। স্থানীয়রা প্রথমে উদ্ধারকাজ শুরু করেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
আরও পড়ুন
আহতদের কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও বারিধারা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের বরাত দিয়ে জানা গেছে, আহতদের মধ্যে কয়েকজনের শারীরিক অবস্থা গুরুতর।
দুর্ঘটনার পর নর্দা এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। সকালবেলার ব্যস্ত সময়ে সড়কের দুই পাশে শত শত যানবাহন আটকে পড়ে। পরে ট্রাফিক পুলিশ ও প্রশাসনের সদস্যরা দুর্ঘটনাকবলিত বাস সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার কাজ শুরু করেন।
এএডি/