কাজের সময় কাজি নেই

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

গুরুত্বপূর্ণ এফটিএ নিয়ে দ্বিপক্ষীয় আলোচনায় ‘কাজের সময় কাজি নেই!’ কথাটি অভিজ্ঞ অনেক পর্যবেক্ষকের আলোচনায় প্রাসঙ্গিক হয়ে উঠেছে। বাংলাদেশ ও মালয়েশিয়ার

2026-10-28T02:40:08+00:00
2026-10-28T02:40:08+00:00
 
  বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
জাতীয়
বাংলাদেশ মালেয়শিয়ার এফটিএ আলোচনা
কাজের সময় কাজি নেই
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ২:৪০ এএম 
বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তির (এফটিএ) প্রথম দফার আলোচনা মঙ্গলবার ঢাকায় শুরু হয়েছে। ছবি : সংগৃহীত
গুরুত্বপূর্ণ এফটিএ নিয়ে দ্বিপক্ষীয় আলোচনায় ‘কাজের সময় কাজি নেই!’ কথাটি অভিজ্ঞ অনেক পর্যবেক্ষকের আলোচনায় প্রাসঙ্গিক হয়ে উঠেছে। বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তির (এফটিএ) প্রথম দফার আলোচনা মঙ্গলবার ঢাকায় শুরু হয়েছে। এর জন্য মালয়েশিয়ার ৩০ সদস্যের একটি প্রতিনিধি দল গত সোমবার ঢাকায় আসেন। আগামীকাল বৃহস্পতিবার পর্যন্ত এ আলোচনা চলবে। দুই দেশের জন্য গুরুত্বপূর্ণ এই বাণিজ্য আলোচনার শুরুতেই বাণিজ্য মন্ত্রণালয় কিছুটা হোঁচট খেল। বিশেষ করে নেতৃত্ব নির্ধারণে চ্যালেঞ্জের মুখে পড়ে। 

গত জুন মাসে প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়া সফর করেন। সে সময় দুদেশের সরকার প্রধান এফটিএ আলোচনা এগিয়ে নেওয়ার বিষয়ে সম্মত হয়েছিলেন। 

ওই সফরের যৌথ বিবৃতিতে বলা হয়েছিল, ২০২৭ সালের মধ্যে একটি ব্যাপক, ভবিষ্যৎমুখী ও পারস্পরিকভাবে লাভজনক এফটিএ সম্পন্ন করার অঙ্গীকার করছে বাংলাদেশ ও মালয়েশিয়া। যার প্রথম দফার আলোচনা শুরু হলো চারমাসের মধ্যে। 

নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, চুক্তি নিয়ে আলোচনার দায়িত্বে থাকা এফটিএ অনুবিভাগের দুই গুরুত্বপূর্ণ কর্মকতার বদলির কারণে নতুন করে আলোচক সাজাতে হয়েছে মন্ত্রণালয়কে। ফলে এ ধরনের বড় বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনার নতুন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার অভিজ্ঞতা নিয়েও প্রশ্ন উঠেছে। এর আগে জাপান ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে বাণিজ্য চুক্তির আলোচনায় বাংলাদেশের প্রধান আলোচক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন সে সময়ের অতিরিক্ত সচিব আয়েশা আক্তার। এমনকি তিনি সম্প্রতি ভারতে অনুষ্ঠিত বাংলাদেশ ও ভারতের যৌথ বাণিজ্য কমিশনের অংশগ্রহণে নেতৃত্ব দিয়েছিলেন। কিন্তু তিনি বর্তমানে অন্য একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পেয়ে চলে গেছেন। 

আবার এ বিভাগের যুগ্ম সচিব ফিরোজউদ্দিন আহমেদ সম্প্রতি বদলি হয়ে চলে গেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে। তিনি একাধিক বাণিজ্য আলোচনায় আলোচক হিসেবে অংশগ্রহণ করেছিলেন। 

বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব হিসেবে যিনি কয়েকদিন আগে পর্যন্ত দায়িত্ব পালন করেছিলেন। তিনি সম্প্রতি অন্য মন্ত্রণালয়ে বদলি হয়ে চলে গেছেন। নতুন বাণিজ্য সচিব হিসেবে শরফউদ্দিন আহমদ মাত্র দুদিন আগে যোগদান করেছেন। বাণিজ্য চুক্তি নিয়ে তার কোনো অভিজ্ঞতা নেই বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। 

বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, এই পরিস্থিতিতে মালয়েশিয়ার সঙ্গে আলোচনার প্রধান দায়িত্ব দেওয়া হয়েছে মন্ত্রণালয়ের বিশ্ব বাণিজ্য সংস্থা অনুবিভাগের অতিরিক্ত সচিব খাদিজা নাজনীনকে। তবে আলোচক হিসেবে দায়িত্ব পালন করবেন একই অনুবিভাগের যুগ্ম সচিব মুস্তাফিজুর রহমান। তারা আগে এই সংক্রান্ত কমিটিতে থাকলেও, এ ধরনের বড় বাণিজ্য চুক্তির আলোচনায় প্রধান দায়িত্ব পালন করেননি। আবার এই দুজনকে দায়িত্ব দেওয়া হয়েছে আলোচনার শুরুর ঠিক আগের দিন। অর্থাৎ গত সোমবার তাদের দায়িত্ব দেওয়া হয়। এত অল্প সময়ে প্রস্তুতি নিয়ে তাদের পক্ষে আলোচনায় অংশগ্রহণের বিষয়ে প্রশ্ন উঠেছে খোদ মন্ত্রণালয়েই। 

মঙ্গলবার হোটেল সোনারগাঁওয়ে প্রথম দফা আলোচনা শুরু হলেও এখনও বাকি রয়েছে দুদেশের পক্ষ থেকে খসড়া প্রস্তাব প্রণয়নের মতো গুরুত্বপূর্ণ বিষয়। এখানে আলোচনায় যুক্তি দেখানোই হবে বাংলাদেশের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ প্রসঙ্গ। 

এফটিএর আওতায় দুদেশের প্রতিনিধি দলের মধ্যে আলোচনায় প্রাধান্য পাচ্ছে দুদেশের বাণিজ্যিক চাহিদা, বাজার প্রবেশাধিকার ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো। এর বাইরে তৈরি পোশাক রফতানি এবং হালাল পণ্যের বাজারে বাংলাদেশে প্রবেশাধিকার বিষয়গুলোও আলোচ্যসূচির অন্তর্ভুক্ত। 

স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের (গ্র্যাজুয়েশন ) সময় বাড়ছে। চূড়ান্ত উত্তরণের আগেই দশটি দেশ ও অর্থনৈতিক জোটের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ ) ও সামগ্রিক অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (সেপা) করতে জোর তৎপরতা চালাচ্ছে সরকার। এর মধ্যে মালয়েশিয়া রয়েছে। দুই দেশের মধ্যে বাজার সুবিধা ও ব্যবসার সুযোগসহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো আলোচনার জন্য যোগ্য ও অভিজ্ঞ কর্মকর্তার অভাব পরিলক্ষিত হচ্ছে বলে মনে করেন সাবেক বাণিজ্য সচিব ড. মাহবুব আহমদ। 

তিনি বলেন, দুই দেশের মধ্যে বাণিজ্য সম্পর্কিত যখন কোনো আলোচনা হয় তখন তার অনেক আগে থেকেই প্রস্তুতি নিতে হয়। আর প্রস্তুতির ক্ষেত্রে অভিজ্ঞ এবং কারিগরি জ্ঞানসম্পন্ন লোকের প্রয়োজন। কোনো বিশেষ গুরুত্বপূর্ণ আলোচনার জন্য বদলির বিষয়ে একটু সচেতন থাকা প্রয়োজন। বিশেষ করে যখন দুদেশের মধ্যে কোনো দ্বিপক্ষীয় আলাপ-আলোচনা হবে সেখানে যুক্তি তর্কের অবতারণা হবে— এটাই স্বাভাবিক। কাজেই এ কাজে অভিজ্ঞ কোনো কর্মকর্তাকে হঠাৎ বদলি করে দেওয়া কোনো দূরদর্শী সিদ্ধান্ত নয়। 

বাংলাদেশ মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. আনোয়ার শহীদ বলেন, এই চুক্তির মধ্য দিয়ে বাংলাদেশ মালয়েশিয়ায় রফতানি পণ্যের পরিসর বাড়ানোর চেষ্টা করবে, সে প্রত্যাশা করি। আমাদের সবচেয়ে বড় রফতানি পণ্য তৈরি পোশাকের বড় কোনো বাজার নেই। মালয়েশিয়ার বাজারে বাংলাদেশের প্রতিযোগী দেশগুলো বিভিন্ন কারণে শুল্ক সুবিধা পায়। বাংলাদেশ সেটা না পাওয়ার কারণে পণ্য রফতানি লাভজনক হয় না। আশা করি বাণিজ্যচুক্তি হলে সে অসুবিধা দূর হবে। তবে আলোচনার ক্ষেত্রে  যুক্তি তুলে ধরার জন্য উপযুক্ত কর্মকর্তার উপস্থিতি অবশ্যই প্রয়োজন।  

অন্যদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরের ঠিক আগে বাংলাদেশের রাষ্ট্রদূত দাউদ আলীকে ঢাকায় ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হলো। রাষ্ট্রদূতকে বাদ দিয়ে সফল পরিচালনা অনেক ক্ষেত্রে দুরুহ হয়ে পড়ে। একটি রাষ্ট্রীয় সফর শুধু মাত্র বিমানবন্দরে অভ্যর্থনা নয়, বৈঠক কিংবা আনুষ্ঠানিক নৈশভোজের আয়োজন নয়। এর পেছনে থাকে মাসের পর মাস যোগাযোগ এবং আলোচনার ধারাবাহিকতা। এ ছাড়াও দুই দেশের কর্মকর্তাদের মধ্যে আস্থা তৈরির বিষয় রয়েছে। এসব সংবেদশীল বিষয়ে সমঝোতার প্রস্তুতির বিষয় থাকে। এখানে রাষ্ট্রদূতের ভূমিকা গুরুত্বপূর্ণ। তিনি স্বাগতিক দেশের রাজনৈতিক পরিবেশ, প্রশাসনের কার্যপদ্ধতি, সংশ্লিষ্ট ব্যক্তিদের অবস্থান ও আলোচনার অগ্রগতি সম্পর্কে সরাসরি ধারণা রাখেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এ কাজ সিনিয়র কর্মকর্তা এসব দায়িত্ব সামলাতে সক্ষম হতে পারেন। কিন্তু অল্প সময়ে একটি মিশনের অভিজ্ঞতা ও যোগাযোগের বিকল্প হয়ে উঠতে বেশ কিছু সময় প্রয়োজন। 

দাউদ আলীর অনুপস্থিতিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বিপক্ষীয়বিষয়ক সচিব মো. নজরুল ইসলামকে টোকিওতে পাঠানো হয়। এ বিষয়ে অবশ্য পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, এটি একান্তই পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয়। 

সময়ের আলো/প্রিন্ট/আতা
  বিষয়:   প্রধানমন্ত্রী  তারেক রহমান  মালয়েশিয়া  সফর  এফটিএ  বাংলাদেশ 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: