রাজধানীর মগবাজারের আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় গভীর শোক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, জন্মের পর শিশুগুলো সুস্থ থাকলেও হঠাৎ শ্বাসকষ্ট দেখা দেয় এবং পরে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
বুধবার (২৭ মে) ভোরে হাসপাতালের পোস্ট-ডেলিভারি ওয়ার্ডে এ ঘটনা ঘটে। মৃত নবজাতকদের বয়স ছিল মাত্র এক থেকে দুই দিন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওয়ার্ডের শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের (এসি) গ্যাস লিকেজ বা বদ্ধ পরিবেশের কারণে এই বিপর্যয় ঘটতে পারে। তবে প্রকৃত কারণ নিশ্চিত হতে তদন্তের অপেক্ষা করতে হবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
আরও পড়ুন
হাসপাতাল সূত্রে জানা গেছে, ওয়ার্ডটিতে ১১ জন মা এবং ছয়জন নবজাতক ছিলেন। রাতের দিকে কক্ষে অস্বাভাবিক গন্ধ ছড়িয়ে পড়ে বলে অভিযোগ করেন স্বজনরা। এরপর থেকেই শিশুদের শ্বাসপ্রশ্বাসে সমস্যা দেখা দিতে শুরু করে। একপর্যায়ে তাদের নিউনেটাল আইসিইউতে স্থানান্তর করা হয়।
হাসপাতালের মহাপরিচালক (হসপিটালস অ্যান্ড নার্সিং) অধ্যাপক ডা. নাহিদা ইয়াসমিন বলেন, প্রথমে দুই নবজাতক অসুস্থ হয়ে পড়লে তাদের আইসিইউতে নেওয়া হয়। পরে অবস্থার উন্নতি হওয়ায় আবার ওয়ার্ডে ফেরত পাঠানো হয়েছিল। কিন্তু ভোরের দিকে পরিস্থিতির দ্রুত অবনতি ঘটে এবং একে একে সব নবজাতককে আইসিইউতে নিতে হয়।
তিনি জানান, আইসিইউতে নেওয়ার সময় দুই শিশুকে মৃত পাওয়া যায়। বাকি চারজনকে ভেন্টিলেটর সাপোর্ট দেওয়া হলেও শেষ পর্যন্ত তাদেরও বাঁচানো সম্ভব হয়নি। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, শিশুদের তীব্র শ্বাসকষ্ট হচ্ছিল এবং পরিস্থিতি খুব দ্রুত খারাপ হয়ে যায়।
এদিকে স্বজনদের অভিযোগ, শিশুদের অসুস্থতার লক্ষণ দেখা দেওয়ার পরও দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। কেউ কেউ দাবি করেছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে না আনতে পারলে দ্রুত অন্য হাসপাতালে রেফার করা উচিত ছিল।
ঘটনার পর হাসপাতালজুড়ে শোকের ছায়া নেমে আসে। স্বজনদের কান্না ও আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। ইতোমধ্যে স্বাস্থ্য অধিদপ্তর ও প্রশাসনের কর্মকর্তারা হাসপাতাল পরিদর্শন করেছেন এবং মৃত্যুর প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে।
এএডি/