বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে তিন দিনের সফরে ঢাকায় আসছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। আগামী ৪ জুন শুরু হওয়া এই সফরকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ৪ থেকে ৬ জুন পর্যন্ত বাংলাদেশ সফর করবেন তিনি। সফরকালে সরকারের শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গে একাধিক বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে। এর মধ্যে প্রধান উপদেষ্টা তারেক রহমান এবং পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপাক্ষিক আলোচনা বিশেষ গুরুত্ব পাবে।
কূটনৈতিক সূত্রগুলোর মতে, সফরের বৈঠকগুলোতে দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, প্রতিরক্ষা সহযোগিতা, নিরাপত্তা সংলাপ এবং আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হতে পারে। বিশেষ করে সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ-তুরস্ক সম্পর্কের যে গতি তৈরি হয়েছে, সেটিকে আরও শক্তিশালী করার বিষয়টি গুরুত্ব পেতে পারে।
আরও পড়ুন
সফরসূচির অংশ হিসেবে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী কক্সবাজারে অবস্থানরত রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করতে পারেন বলে জানা গেছে। রোহিঙ্গা সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা এবং মানবিক সহায়তার বিষয়টিও আলোচনায় স্থান পেতে পারে।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান গত মার্চে আঙ্কারা সফরকালে হাকান ফিদানের সঙ্গে বৈঠক করেন। ওই সফরে দুই দেশের কূটনৈতিক প্রশিক্ষণ ও সহযোগিতা জোরদারে একটি সমঝোতা স্মারকও স্বাক্ষরিত হয়। ঢাকায় আসন্ন সফরটিকে সেই বৈঠকের ধারাবাহিকতা হিসেবেই দেখা হচ্ছে।
উল্লেখ্য, সর্বশেষ ২০২০ সালে তুরস্কের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগলু বাংলাদেশ সফর করেছিলেন।
এএডি/