৭ জুন বিসিবি নির্বাচন

ক্রীড়া প্রতিবেদক

খেলা

বিসিবি নির্বাচন ঘিরে একের পর এক বাধা এলেও ঠিক আগমুহূর্তে আইনি জটিলতার মেঘ কেটে গেল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা

2026-06-04T04:26:03+00:00
2026-06-04T04:26:03+00:00
 
  মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬,
২১ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
খেলা
আইনি জটিলতা শেষ
৭ জুন বিসিবি নির্বাচন
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ৪:২৬ এএম 
ছবি : সংগৃহীত
বিসিবি নির্বাচন ঘিরে একের পর এক বাধা এলেও ঠিক আগমুহূর্তে আইনি জটিলতার মেঘ কেটে গেল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচনের তফসিল ও ভোটার তালিকা চ্যালেঞ্জ করে করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। ফলে আগামী ৭ জুন নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হতে আর কোনো আইনি বাধা থাকছে না বলে জানিয়েছে বিসিবির আইনজীবী। এর মধ্য দিয়ে নির্বাচন ঘিরে কয়েক সপ্তাহ ধরে চলা অনিশ্চয়তারও অবসান হলো।

বুধবার বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। রিট আবেদনকারীদের সম্পূরক আবেদনসহ পুরো বিষয়টির ওপর শুনানি শেষে আদালত আবেদন খারিজ করে দেন।
রিট আবেদনকারীদের পক্ষে আদালতে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ হোসেন লিপু, আজিম উদ্দিন পাটোয়ারী ও মো. শফিকুল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস। অন্যদিকে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) ও বিসিবির পক্ষে শুনানি করেন আইনজীবী মাহিন এম রহমান।

রায় ঘোষণার পর মাহিন এম রহমান বলেন, ‘মঙ্গলবার আংশিক শুনানির পর বুধবার হাইকোর্টের দ্বৈত বেঞ্চে রিট আবেদনের চূড়ান্ত শুনানি হয়। শুনানি শেষে আদালত আবেদন খারিজ করে দেন।’ তিনি আরও বলেন, ‘ফলে বিসিবির চলমান কার্যক্রম এবং পরিচালনা পর্ষদ নির্বাচনে আর কোনো আইনি প্রতিবন্ধকতা নেই।’

মাহিন জানান, বিসিবির বর্তমান অ্যাডহক কমিটি এবং নির্বাচন প্রক্রিয়া চ্যালেঞ্জ করে এর আগেও তিনটি পৃথক রিট আবেদন করা হয়েছিল। সেসব ক্ষেত্রেও আদালত কোনো হস্তক্ষেপ করেননি।

গত ১৮ মে বিসিবি নির্বাচনের জন্য কাউন্সিলর মনোনয়ন চেয়ে বিভিন্ন ক্লাবে পাঠানো নোটিস প্রত্যাহারের দাবিতে হাইকোর্টে রিট আবেদন করেন ছয়জন কাউন্সিলর। তারা হলেন আরমানুল ইসলাম নয়ন, মো. নাঈম হাওলাদার, মো. এনামুল আহসান, মো. আবদুল্লাহ অর্ক, আকিব জাভেদ মুন্না ও মো. রাকিবুল ইসলাম।

রিটে যুব ও ক্রীড়া সচিব, জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান, বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি, বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা এবং বান্দরবান, খুলনা, লক্ষ্মীপুর, ফরিদপুর, ব্রাহ্মণবাড়িয়া ও ঢাকা জেলার প্রশাসকদের বিবাদী করা হয়।

পরে গত সোমবার রিটকারীরা একটি সম্পূরক আবেদন জমা দেন। সেখানে ঘোষিত নির্বাচনি তফসিলের কার্যক্রম স্থগিত রাখা এবং তাদের নাম অন্তর্ভুক্ত করে নতুন ভোটার তালিকা প্রণয়নের নির্দেশনা চাওয়া হয়। তবে আদালত সেই আবেদনও গ্রহণ করেননি।

গত ১৬ মে বিসিবির প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয় পরিচালনা পর্ষদ নির্বাচনের তফসিল ঘোষণা করে। পরদিন প্রকাশ করা হয় খসড়া ভোটার তালিকা। সেই তালিকা ও তফসিল নিয়েই আদালতের দ্বারস্থ হয়েছিলেন আবেদনকারীরা।
তফসিল অনুযায়ী আগামী ৭ জুন অনুষ্ঠিত হবে বিসিবির নির্বাচন। 

নির্বাচনে সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত হবেন ২৩ জন পরিচালক। এর সঙ্গে জাতীয় ক্রীড়া পরিষদের মনোনীত আরও দুই পরিচালক যুক্ত হয়ে গঠিত হবে ২৫ সদস্যের পরিচালনা পর্ষদ। পরবর্তীতে এই ২৫ পরিচালকের ভোটেই নির্বাচিত হবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি।

সময়ের আলো/আআ
Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: