বিশ্ব পরিবেশ দিবসের তাৎপর্যকে সামনে রেখে পরিবেশ সংরক্ষণ ও বজ্রপাতজনিত ঝুঁকি হ্রাসে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে বেঙ্গল পিস ফাউন্ডেশন। সংগঠনটির উদ্যোগে সুনামগঞ্জ সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের ইসলামপুর গ্রামে ৫৫টি তাল ও সুপারি গাছের চারা রোপণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয়েছে ‘থান্ডার সেফ বাংলাদেশ’ প্রকল্পের।
স্বাধীন বাংলাদেশের ৫৫ বছর পূর্তি উপলক্ষে প্রতীকীভাবে ৫৫টি চারা রোপণ করা হয়। আয়োজকদের মতে, এটি শুধুমাত্র বৃক্ষরোপণ কর্মসূচি নয়; বরং পরিবেশ সংরক্ষণ, জলবায়ু সহনশীলতা বৃদ্ধি এবং বজ্রপাতের ঝুঁকি মোকাবিলায় একটি দীর্ঘমেয়াদি সামাজিক আন্দোলনের সূচনা।
বেঙ্গল পিস ফাউন্ডেশন জানিয়েছে, ‘থান্ডার সেফ বাংলাদেশ’ প্রকল্পের আওতায় বর্ষা মৌসুমের পর সুনামগঞ্জের বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে ৫ হাজার তাল, নারিকেল ও সুপারি গাছ রোপণ করা হবে। স্থানীয় জনগণ, তরুণ স্বেচ্ছাসেবক এবং বিভিন্ন সামাজিক সংগঠনের অংশগ্রহণে এ কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।
বেঙ্গল পিস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মাসফিকুল হাসান টনি বলেন, বিশ্ব পরিবেশ দিবসে আমরা শুধু গাছ লাগাচ্ছি না, আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও সবুজ বাংলাদেশ গড়ার ভিত্তি স্থাপন করছি। স্বাধীনতার ৫৫ বছরে ৫৫টি চারা রোপণ আমাদের প্রতীকী অঙ্গীকার। আগামী দিনে এই সংখ্যা হাজারে পৌঁছাবে। আমরা চাই দেশের প্রতিটি ঝুঁকিপূর্ণ এলাকায় সবুজ সুরক্ষা বলয় গড়ে উঠুক, যাতে পরিবেশ রক্ষার পাশাপাশি মানুষের জীবনও সুরক্ষিত থাকে।
সময়ের আলো/জেডআই