মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে স্বস্তির খবর। অবশেষে থেমেছে দুপুরের সেই দীর্ঘস্থায়ী বৃষ্টি। আকাশ কিছুটা মেঘলা থাকলেও মাঠের কভারগুলো সরাতে শুরু করেছেন মাঠকর্মীরা। আম্পায়াররা পিচ ও আউটফিল্ড পর্যবেক্ষণ করার আগে বর্তমানে মিরপুরের গ্রাউন্ডসম্যানরা দ্রুততম সময়ে মাঠ শুকানোর কাজ চালিয়ে যাচ্ছেন।
বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগ পর্যন্ত ওয়ানডে সিরিজের এই গুরুত্বপূর্ণ ম্যাচে টস হেরে প্রথমে ব্যাটিং করা অস্ট্রেলিয়ার সংগ্রহ ৪২ ওভারে ৮ উইকেটে ১৮৭ রান। ক্রিজে মার্নাস লাবুশেন ৮৫ বলে ৫৫ এবং নাথান এলিস ৫ বলে ২ রান নিয়ে অপরাজিত আছেন।
দীর্ঘক্ষণ খেলা বন্ধ থাকায় ডার্কওয়ার্থ-লুইস-স্টার্ন পদ্ধতিতে ম্যাচের ওভার কিছুটা কমতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে মাঠ পুরোপুরি প্রস্তুত হওয়ার পর আম্পায়াররা মাঠ পরিদর্শন করে পুনরায় খেলা শুরুর সময় এবং ওভার কর্তনের চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন।
বাংলাদেশি বোলারদের দুর্দান্ত বোলিংয়ে ম্যাচটি এখন পুরোপুরি টাইগারের নিয়ন্ত্রণে। ৮ ওভারে মাত্র ৩৩ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ। অন্যদিকে কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানও আগুন ঝরিয়ে মাত্র ৯ রান দিয়ে শিকার করেছেন ৩টি উইকেট। এছাড়া বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম নিয়েছেন ২টি উইকেট।
মাঠ শুকানোর কাজ শেষ হলেই আবার শুরু হবে মিরপুরের এই হাইভোল্টেজ লড়াই। বাকি ২টি উইকেট দ্রুত তুলে নিয়ে সিরিজ জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নামতে মুখিয়ে আছে বাংলাদেশ দল।
/কহু