নাঈম-মাহফিজুলের ব্যাটে রানের উৎসব

ক্রীড়া প্রতিবেদক

খেলা

জাতীয় ক্রিকেট লিগের চতুর্থ রাউন্ডের প্রথম দিনটা ব্যাটসম্যানদের দখলে। ঢাকার মোহাম্মদ নাঈম ও ময়মনসিংহের মাহফিজুল ইসলাম তুলে নিয়েছেন দুর্দান্ত সেঞ্চুরি।

2026-10-25T04:37:07+00:00
2026-10-25T04:37:07+00:00
 
  রবিবার, ২৫ অক্টোবর ২০২৬,
৯ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
খেলা
নাঈম-মাহফিজুলের ব্যাটে রানের উৎসব
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৫ অক্টোবর, ২০২৬, ৪:৩৭ এএম 
ছবি : সংগৃহীত
জাতীয় ক্রিকেট লিগের চতুর্থ রাউন্ডের প্রথম দিনটা ব্যাটসম্যানদের দখলে। ঢাকার মোহাম্মদ নাঈম ও ময়মনসিংহের মাহফিজুল ইসলাম তুলে নিয়েছেন দুর্দান্ত সেঞ্চুরি। তাদের বড় ইনিংসে ভর করে শক্ত অবস্থানে রয়েছে ঢাকা-ময়মনসিংহ দুদলই। অন্যদিকে বরিশালের বিপক্ষে সেঞ্চুরি ছাড়াই তিনশ পেরিয়েছে রংপুরের সংগ্রহ। তবে বৃষ্টির কারণে সিলেট ও খুলনার ম্যাচে মাঠেই নামা হয়নি দুদলের।

রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে দিন শেষে ৩ উইকেটে ২৯৩ রান করেছে ঢাকা। শুরুতে তিন উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়লেও নাঈমের দৃঢ়তায় সেই পরিস্থিতি কাটিয়ে ওঠে দলটি। ৮৮ রানে তিন উইকেট হারানোর পর আর কোনো ব্যাটসম্যানকে সাজঘরে ফিরতে হয়নি।

দিনের শেষভাগে ২৪২ বলে ১৪ চার ও চার ছক্কায় ১৭১ রান নিয়ে অপরাজিত নাঈম। শুরুতে সতর্ক ব্যাটিং করলেও ধীরে ধীরে ইনিংস বড় করেছেন এই ওপেনার। ৮৮ বলে অর্ধশতক, ১৪৩ বলে শতক এবং ২১৬ বলে দেড়শ রান পূর্ণ করেন তিনি। প্রথম শ্রেণির ক্রিকেটে এটি নাঈমের সপ্তম সেঞ্চুরি। দ্বিতীয় দিনে তার সামনে রয়েছে ডাবল সেঞ্চুরির সুযোগ।

এদিকে বগুড়ার শহিদ চান্দু স্টেডিয়ামে চট্টগ্রামের বিপক্ষে আরও বড় সংগ্রহের পথে ময়মনসিংহ। প্রথম দিন শেষে তাদের স্কোর ৪ উইকেটে ২৯৯ রান। দলের হয়ে ১৫৬ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন মাহফিজুল ইসলাম রবিন। জাতীয় ক্রিকেট লিগে ফিরে এমন ইনিংস খেলে আবারও নিজের সামর্থ্যরে জানান দিয়েছেন তিনি।


জাতীয় লিগে আগের ছয় ইনিংসে দুটি অর্ধশতক ও দুটি শতক ছিল মাহফিজুলের। সেই পারফরম্যান্সে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের জন্য বিসিবি একাদশেও ডাক পেয়েছিলেন এই ব্যাটসম্যান। তবে সেখানে আট বলে চার রানের বেশি করতে পারেননি। জাতীয় লিগে ফিরে ব্যাট হাতে জবাব দিলেন দারুণভাবেই। চলতি আসরে এটি তার তৃতীয় সেঞ্চুরি, প্রথম শ্রেণির ক্রিকেটে চতুর্থ। আজ ডাবল সেঞ্চুরির পথে এগোনোর সুযোগও থাকছে তার সামনে। চট্টগ্রামের হয়ে তিনটি উইকেট নিয়েছেন হাসান মুরাদ।

সিলেট একাডেমি মাঠে বরিশালের বিপক্ষে প্রথম দিনেই তিনশ পেরিয়েছে রংপুর। পাঁচ উইকেট হারিয়ে ৩২০ রান করেছে দলটি। বড় কোনো ব্যক্তিগত ইনিংস না এলেও ব্যাটসম্যানদের সম্মিলিত প্রচেষ্টায় প্রতিপক্ষের বিপক্ষে ভালো ভিত গড়েছে তারা। দিন শেষে মামুন ৬১ ও আলাউদ্দীন বাবু ৪৬ রানে অপরাজিত ছিলেন।

অন্যদিকে কক্সবাজারে সিলেট ও খুলনার ম্যাচে বৃষ্টির কারণে টসও করা যায়নি। ফলে চার ম্যাচের রাউন্ডে তিনটি ম্যাচে ব্যাট-বলের লড়াই হলেও একটি ম্যাচের প্রথম দিনের খেলা পুরোপুরিই ভেস্তে গেছে।

দ্বিতীয় দিনে নাঈম ও মাহফিজুলের সামনে ব্যক্তিগত ইনিংস আরও বড় করার সুযোগ থাকবে। তাদের ব্যাটিংয়ের ওপরই অনেকটা নির্ভর করছে ঢাকা ও ময়মনসিংহের প্রথম ইনিংসের সংগ্রহ কোথায় গিয়ে দাঁড়ায়।

সময়ের আলো/প্রিন্ট/এসএকে
  বিষয়:   নাঈম  মাহফিজুল  ব্যাট  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: