প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ৯:৫২ এএম আপডেট: ২৪.১০.২০২৬ ৯:৫৬ এএম
ছবি : সংগৃহীত গ্যালারিতে বসে বিনা মূল্যে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার প্রথম টেস্ট উপভোগ করতে পারবেন দর্শকেরা। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের উত্তর ও দক্ষিণ গ্যালারিতে বসে টেস্টের পাঁচ দিনই খেলা দেখার সুযোগ থাকবে। তবে স্টেডিয়ামের সব গ্যালারিতে এই সুবিধা মিলবে না।
শুক্রবার (২৩ অক্টোবর) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, প্রথম টেস্টের জন্য উত্তর ও দক্ষিণ গ্যালারিতে প্রবেশ করতে কোনো টিকিট লাগবে না। তবে গ্র্যান্ড স্ট্যান্ড, শহীদ জুয়েল স্ট্যান্ড, শহীদ মুশতাক স্ট্যান্ড এবং অন্যান্য ভিআইপি ও হসপিটালিটি এলাকায় বসে খেলা দেখতে হলে টিকিট কিনতে হবে।
আগামী ২৮ অক্টোবর মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায় শুরু হবে খেলা।
সিরিজ খেলতে গত ১৮ অক্টোবর ঢাকায় পৌঁছেছে ওয়েস্ট ইন্ডিজ দল। এরই মধ্যে অনুশীলন ও বিসিবি একাদশের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচ শেষ করেছে ক্যারিবীয়রা। সিরিজ সামনে রেখে ২৫, ২৬ ও ২৭ অক্টোবর অনুশীলন করবে দুই দল।
মিরপুরে প্রথম টেস্ট শেষে দ্বিতীয় ম্যাচ খেলতে ২ নভেম্বর সিলেটে যাবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ দল। ৫ নভেম্বর থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ এই সিরিজে পয়েন্ট তালিকায় এগিয়ে আছে বাংলাদেশ। ছয় ম্যাচে ৫৫.৫৬ শতাংশ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে দলটি। অন্যদিকে ১২ ম্যাচে ২০.৮৩ শতাংশ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে ওয়েস্ট ইন্ডিজ।
সময়ের আলো/টিকে