প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ৪:২০ এএম
সংগৃহীত ছবিব্যাট হাতে কালাম সিদ্দিকী অলিনের দুর্দান্ত সেঞ্চুরি, বল হাতে তরুণ পেসার মো. হোসাইনের চার উইকেট। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই দিনের আনঅফিসিয়াল প্রস্তুতি ম্যাচে ব্যাটে-বলে নিজেদের সামর্থ্যরে প্রমাণ দিয়েছে বিসিবি একাদশ। শেষ পর্যন্ত দুই দলের লড়াই থেমেছে ড্রয়ে।
এবিজি স্পোর্টস সিটির আনভীর ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ইনিংসে ৭ উইকেটে ৩৭১ রান তুলে ইনিংস ঘোষণা করে বিসিবি একাদশ। জবাবে দ্বিতীয় দিনের খেলা শেষে ৮০ ওভারে ৬ উইকেটে ৩৩৬ রান করে ওয়েস্ট ইন্ডিজ।
বিসিবি একাদশের হয়ে ব্যাট হাতে সবচেয়ে উজ্জ্বল ছিলেন কালাম। জাতীয় ক্রিকেট লিগে আগের দুই ম্যাচে সেঞ্চুরির কাছে গিয়েও তা হাতছাড়া করেছিলেন এই ব্যাটার। এবার আর সেই ভুল করেননি। ১৮৪ বলের ইনিংসে ২০টি চার ও একটি ছক্কায় ১৩৫ রান করেন তিনি। তার দুর্দান্ত সেঞ্চুরিতেই বড় সংগ্রহের ভিত পায় বিসিবি একাদশ।
কালামকে দারুণ সঙ্গ দেন ওপেনার জিশান আলম। আক্রমণাত্মক ব্যাটিংয়ে ১০০ বলে ১১টি চার ও দুটি ছক্কায় ৮৬ রান করেন তিনি। এ ছাড়া চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ৫৯, অধিনায়ক জাকের আলী অনিক ৩০ এবং শামীম হোসেন পাটোয়ারী ৩০ বলে অপরাজিত ৩৫ রান করেন।
জবাবে ব্যাট করতে নেমে ভালো শুরু পায় ওয়েস্ট ইন্ডিজ। ব্র্যান্ডন কিং করেন ৪০ রান। জন ক্যাম্পবেল ৭৮ বলে ৯টি চার ও দুটি ছক্কায় ৬৫ রান করে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন। তেজনারায়ণ চন্দরপলের ব্যাট থেকে আসে ৩১ রান।
এরপর কেভিন উইকহ্যাম ও অধিনায়ক রোস্টন চেজের অবিচ্ছিন্ন জুটি সফরকারীদের শক্ত অবস্থানে নিয়ে যায়। উইকহ্যাম ১০৭ বলে সাতটি চারে অপরাজিত ৬৭ রান করেন। চেজ ৬৫ বলে ৪৬ রানে অপরাজিত থাকেন। তাদের প্রতিরোধে দ্বিতীয় দিনের খেলা শেষ হওয়ার আগে ৩৩৬ রান তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ।
বিসিবি একাদশের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন অনূর্ধ্ব-১৯ দলের পেসার মো. হোসাইন। নিয়ন্ত্রিত বোলিংয়ে ১২.২ ওভারে ৫৫ রান দিয়ে চারটি উইকেট নেন তিনি। অনিক দেববর্মা পান একটি উইকেট।
আসন্ন টেস্ট সিরিজের আগে এই প্রস্তুতি ম্যাচ ওয়েস্ট ইন্ডিজের জন্য নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ছিল। অন্যদিকে জাতীয় দলের বাইরে থাকা ও উদীয়মান ক্রিকেটারদের জন্য আন্তর্জাতিক মানের প্রতিপক্ষের বিপক্ষে নিজেদের সামর্থ্য তুলে ধরার মঞ্চ হয়ে উঠেছিল ম্যাচটি। কালামের সেঞ্চুরি ও হোসাইনের বোলিংয়ে সেই সুযোগ কাজে লাগিয়েছে বিসিবি একাদশ।
সময়ের আলো/প্রিন্ট/কেএইচও