প্রকাশ: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ৩:২৯ পিএম
নারী ক্লাব বিশ্বকাপের প্রথম আসর আয়োজনের দায়িত্ব পেয়েছে যুক্তরাষ্ট্র। ছবি : সংগৃহীতনারী ক্লাব বিশ্বকাপের প্রথম আসর আয়োজনের দায়িত্ব পেয়েছে যুক্তরাষ্ট্র। ২০২৮ সালের জানুয়ারিতে বিশ্বের সেরা ১৯টি নারী ক্লাবকে নিয়ে অনুষ্ঠিত হবে ফিফার এই নতুন টুর্নামেন্ট। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা বিষয়টি নিশ্চিত করেছে।
ফিফার তথ্য অনুযায়ী, ২০২৮ সালের ৫ থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা। তবে কোন কোন শহরে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে, তা এখনো জানানো হয়নি। প্রথম আসরের পর প্রতি চার বছর অন্তর আয়োজন করা হবে নারী ক্লাব বিশ্বকাপ।
ইতোমধ্যে টুর্নামেন্টে খেলার যোগ্যতা অর্জন করেছে সাতটি দল। এগুলো হলো ইংল্যান্ডের আর্সেনাল, স্পেনের বার্সেলোনা, মেক্সিকোর আমেরিকা, যুক্তরাষ্ট্রের গোথাম এফসি, ব্রাজিলের করিন্থিয়ান্স, চীনের উহান জিয়াংদা এবং উত্তর কোরিয়ার নেগোহ্যাং এফসি।
এর আগে সম্প্রসারিত ফরম্যাটে পুরুষদের সর্বশেষ ক্লাব বিশ্বকাপ আয়োজন করেছিল যুক্তরাষ্ট্র। দেশটিতে ২০২৬ সালের ফিফা বিশ্বকাপও অনুষ্ঠিত হচ্ছে। এসব বড় টুর্নামেন্ট আয়োজনের অভিজ্ঞতা এবং উন্নত ক্রীড়া অবকাঠামো বিবেচনায় নিয়ে যুক্তরাষ্ট্রকে নারী ক্লাব বিশ্বকাপের আয়োজক হিসেবে বেছে নিয়েছে ফিফা।
ফিফার নারী ফুটবলবিষয়ক প্রধান সারাই বারেম্যান বলেছেন, ‘ফিফার শীর্ষস্থানীয় টুর্নামেন্টগুলো আয়োজনে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক চমৎকার সক্ষমতা, সেখানে নারী ফুটবলের প্রতি ব্যাপক আগ্রহ এবং উন্নত ক্রীড়া অবকাঠামো– সব মিলিয়ে দেশটিকে সবচেয়ে উপযুক্ত বিকল্প হিসেবে গড়ে তুলেছে।’
সময়ের আলো/এমকে