অস্ট্রেলিয়াকে ইনিংস ব্যবধানে হারাল দক্ষিণ আফ্রিকা

ক্রীড়া ডেস্ক

খেলা

টেম্বা বাভুমার দুর্দান্ত ব্যাটিংয়ের পর বোলারদের দাপটে অস্ট্রেলিয়াকে ইনিংস ও ৩১ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। গবেখারায় দ্বিতীয় টেস্টে স্বাগতিকদের জয়ের

2026-10-22T23:55:55+00:00
2026-10-22T23:55:55+00:00
 
  বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬,
৬ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
খেলা
অস্ট্রেলিয়াকে ইনিংস ব্যবধানে হারাল দক্ষিণ আফ্রিকা
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ১১:৫৫ পিএম 
ছবি : সংগৃহীত
টেম্বা বাভুমার দুর্দান্ত ব্যাটিংয়ের পর বোলারদের দাপটে অস্ট্রেলিয়াকে ইনিংস ও ৩১ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। গবেখারায় দ্বিতীয় টেস্টে স্বাগতিকদের জয়ের নায়ক অধিনায়ক বাভুমা। প্রথম ইনিংসে তার ১৭৯ রানের অসাধারণ ইনিংসের পর বল হাতে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপ গুঁড়িয়ে দিতে বড় ভূমিকা রেখেছেন মার্কো ইয়ানসেন, কাগিসো রাবাদা ও উইয়ান মুল্ডার।

ম্যাচের শুরুটা অবশ্য দক্ষিণ আফ্রিকার জন্য মোটেও স্বস্তির ছিল না। প্রথম দিন ২০ রানে ২ উইকেট হারানোর পর দ্বিতীয় দিন ৯৭ রানে ৫ এবং ১১০ রানে ৬ উইকেট হারিয়ে চাপে পড়ে স্বাগতিকরা। সেখান থেকে দলকে ঘুরে দাঁড় করান বাভুমা। তার ১৭৯ রানের ইনিংসের সঙ্গে মার্কো ইয়ানসেনের ৮৫ ও সাইমন হারমারের ৮২ রানের গুরুত্বপূর্ণ অবদানে ৪২৫ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা।

বিপরীতে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে আরও বড় বিপর্যয়ে পড়ে অস্ট্রেলিয়া। মাত্র ৯৯ রানেই গুটিয়ে গিয়ে ফলোঅনে পড়ে অজিরা। মার্কো ইয়ানসেন ৩৪ রান দিয়ে পাঁচ উইকেট নেন। রাবাদা ও মুল্ডার শিকার করেন দুটি করে উইকেট। 

দ্বিতীয় ইনিংসে ২৯৫ রানেই অলআউট হয় অস্ট্রেলিয়া। দলের হয়ে সর্বোচ্চ ১২১ রান করেন ট্রাভিস হেড। এ ছাড়া মারনাস লাবুশেন ৩৯ ও স্কট বোল্যান্ড ৪০ রান করেন। তবে অন্য ব্যাটারদের ব্যর্থতায় ইনিংস হার এড়াতে পারেনি সফরকারীরা। স্বাগতিকদের হয়ে কাগিসো রাবাদা চারটি এবং উইয়ান মুল্ডার তিনটি উইকেট নেন। 


ম্যাচ শেষে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স স্বীকার করেছেন, দল প্রত্যাশা অনুযায়ী খেলতে পারেনি। ম্যাচ শেষে তিনি বলেন, ‘আজ (গতকাল) আমাদের খেলায় কিছুটা লড়াই ছিল। স্কট বোল্যান্ড ও ট্রাভিস হেড নিজেদের দায়িত্ব পালন করেছে। তবে ওই অবস্থা থেকে ম্যাচে ফেরার পথটা অনেক কঠিন ছিল, আর আমরা যথেষ্ট করতে পারিনি।’

দলের ভারসাম্য নিয়ে কোনো বড় সমস্যা দেখছেন না কামিন্স। তার মতে, সব বিভাগ থেকেই আরও ভালো পারফরম্যান্স প্রয়োজন। তিনি বলেন, ‘আমরা নিজেদের সেরা খেলাটা থেকে অনেক দূরে ছিলাম। শুরুটাও ভালো হয়নি। আজ (গতকাল) সব বিভাগেই আমরা প্রত্যাশা অনুযায়ী অবদান রাখতে পারিনি।’

দক্ষিণ আফ্রিকা অধিনায়ক টেম্বা বাভুমা বলেন, ‘এখন বেশ ভালো লাগছে। আজ (গতকাল) ম্যাচে বেশ নাটকীয়তা ছিল। আবহাওয়াও ম্যাচে প্রভাব ফেলতে চেয়েছিল। আবহাওয়ার পরিস্থিতি নিয়ে আমরা ড্রেসিংরুমে বেশ ব্যস্ত ছিলাম। মাঠে নামার সুযোগ পাওয়ার আশায় ছিলাম আমরা।’

সময়ের আলো/প্রিন্ট/এসএকে
  বিষয়:   অস্ট্রেলিয়া  দক্ষিণ আফ্রিকা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: