ছবি : সংগৃহীতওয়ানডেতে ৪৩০ রানের লক্ষ্য—জয়ের জন্য প্রয়োজন ছিল অসাধারণ ব্যাটিং আর শেষ পর্যন্ত স্নায়ু ধরে রাখা। দুইয়ের সমন্বয়েই অবিশ্বাস্য এক জয় তুলে নিয়েছে শ্রীলঙ্কা। ত্রিদেশীয় সিরিজে ইংল্যান্ডের বিপক্ষে ৮৫৯ রানের ম্যাচে ২ উইকেটে জিতেছে লঙ্কানরা। নিজেদের ওয়ানডে ইতিহাসে এটিই তাদের সর্বোচ্চ রান তাড়া করে জয়।
ওয়ানডেতে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের বিশ্বরেকর্ড অবশ্য দক্ষিণ আফ্রিকার দখলে। ২০০৬ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪৩৫ রান তাড়া করে জিতেছিল প্রোটিয়ারা। সেই তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে শ্রীলঙ্কার এই জয়।
ফার্নান্দো-রত্নায়েকের জুটিতে ঘুরে দাঁড়ানো
৪৩০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপদে পড়ে শ্রীলঙ্কা। মাত্র ২৪ রানের মধ্যে ফিরে যান দুই টপঅর্ডার ব্যাটার। কামিন্দু মেন্ডিস ১৬ বলে ১৮ রান করে আউট হন, আর কোনো বল না খেলেই রানআউট হন কুশল মেন্ডিস।
এরপর দলকে লড়াইয়ে ফেরান আভিস্কা ফার্নান্দো ও পবন রত্নায়েকে। দুজনের ১৬৬ রানের জুটিতে ম্যাচে ফেরে শ্রীলঙ্কা। সেঞ্চুরির খুব কাছে গিয়েও তিন রানের জন্য তা পাননি ফার্নান্দো। ৮৩ বলে ৯৭ রান করে থামে তাঁর ইনিংস।
এরপর রত্নায়েকের সঙ্গে যোগ দেন দাসুন শানাকা। মাত্র ৭৯ বলে ১৩৩ রানের জুটি গড়ে জয়ের ভিত আরও মজবুত করেন তারা। ১০৬ বলে ১৩০ রান করেন রত্নায়েকে। তাঁর ইনিংসে ছিল ১৫টি চার ও তিনটি ছক্কা। অন্যদিকে, মাত্র ৫০ বলে ৯৭ রান করে ফেরেন শানাকা। তার ইনিংসে ছয়টি চার ও আটটি ছক্কা।
শেষ ওভারে নাটক, ছক্কায় জয়
শেষ দিকে জয়ের কাছাকাছি পৌঁছেও বিপাকে পড়ে শ্রীলঙ্কা। শেষ ওভারে জশ টাং দ্বিতীয় ও তৃতীয় বলে পরপর দুটি উইকেট তুলে নিয়ে ম্যাচে উত্তেজনা ফিরিয়ে আনেন। একপর্যায়ে শেষ দুই বলে জয়ের জন্য প্রয়োজন ছিল ৬ রান।
চাপের মুহূর্তে পঞ্চম বলে ছক্কা হাঁকিয়ে শ্রীলঙ্কার জয় নিশ্চিত করেন জানিথ লিয়াঙ্গে। মাত্র ২৭ বলে ৬০ রানে অপরাজিত থাকেন তিনি। অবিশ্বাস্য এই ইনিংসেই শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে লঙ্কানরা।
ব্রুকের ডাবল সেঞ্চুরিতে ইংল্যান্ডের ৪২৯
এর আগে ব্যাট করতে নেমে বড় সংগ্রহ গড়ে ইংল্যান্ড। উদ্বোধনী জুটিতে আসে ৭৪ রান। টম ব্যান্টন করেন ৫০ রান, অন্য ওপেনার ফেরেন ২৯ রানে। এরপর ৬৬ বলে ৬৯ রান করেন জো রুট।
তবে ইংল্যান্ডের ইনিংসের মূল আকর্ষণ ছিলেন অধিনায়ক হ্যারি ব্রুক। উইল জ্যাকসকে সঙ্গে নিয়ে মাত্র ৭৭ বলে ১৮৫ রানের জুটি গড়েন তিনি। মাত্র ১১৪ বলে ডাবল সেঞ্চুরি পূর্ণ করে বিশ্বরেকর্ড গড়েন ব্রুক। শেষ বলে আউট হওয়ার আগে ১১৬ বলে ২০২ রান করেন ইংলিশ অধিনায়ক। জ্যাকস ৩০ বলে ৬৬ রান করে অপরাজিত থাকেন।
ব্রুকের রেকর্ড গড়া ইনিংসেও শেষ পর্যন্ত জয় পায়নি ইংল্যান্ড। শ্রীলঙ্কার অবিশ্বাস্য রান তাড়া আর শেষ ওভারের নাটকীয়তা ম্যাচটিকে স্মরণীয় করে রাখল।
সময়ের আলো/টিকে