প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ৫:৫৪ পিএম
ছবি : সংগৃহীতফুটবল মাঠে ভিএআর (ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি) পর্যালোচনার সময় উত্তেজনা তৈরি হওয়া নতুন কিছু নয়। তবে সেই পর্যালোচনার মধ্যেই রেফারিকে মাত্র এক ডলার দিয়ে প্রভাবিত করার চেষ্টা করে আলোচনায় এসেছে সেন্ট লুইস সিটি এসসির এক খুদে সমর্থক। শিশুটির মজার কাণ্ডে হাসিতে মেতে ওঠেন আশপাশের দর্শকেরা।
ঘটনাটি ঘটে ম্যাচ চলাকালে ভিএআরে সম্ভাব্য হ্যান্ডবলের ঘটনা পর্যালোচনার সময়। মাঠের পাশে রাখা মনিটরে দৃশ্যটি পরীক্ষা করছিলেন রেফারি। ঠিক তখনই এক খুদে সমর্থক সামনে ঝুঁকে হাত বাড়িয়ে তার দিকে এক ডলারের একটি নোট দেখায়। শিশুটির অঙ্গভঙ্গি দেখে মনে হচ্ছিল, পছন্দের সিদ্ধান্ত পেতে রেফারিকে ঘুস দেওয়ার চেষ্টা করছে সে।
খুদে সমর্থকের এমন অপ্রত্যাশিত কাণ্ড দেখে আশপাশের দর্শকেরা হেসে ওঠেন। তাদের কেউ কেউ মজার মুহূর্তটি মুঠোফোনে ধারণ করেন। ম্যাচের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে শিশুটির এমন কাণ্ড মুহূর্তেই গ্যালারির দর্শকদের মনোযোগ কেড়ে নেয়।
তবে শিশুটির এমন প্রস্তাবে কোনো সাড়া দেননি রেফারি। তিনি নিজের কাজে মনোযোগী থেকে মনিটরে হ্যান্ডবলের দৃশ্য পর্যালোচনা করতে থাকেন। এক ডলারের নোটও তাঁর মনোযোগে কোনো প্রভাব ফেলতে পারেনি।
ফুটবলে রেফারির সিদ্ধান্ত ঘিরে সমর্থকদের নানা প্রতিক্রিয়া দেখা যায়। কখনো প্রতিবাদ, কখনো উল্লাস, আবার কখনো এমন মজার ঘটনাও দর্শকদের আনন্দ দেয়। সেন্ট লুইস সিটি এসসির এই খুদে সমর্থকের কাণ্ডও ম্যাচের উত্তেজনার মধ্যে হাস্যরসের এক ভিন্ন মাত্রা যোগ করেছে।
সময়ের আলো/এসএকে