প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ৩:৫৪ এএম
প্রতিযোগিতাটি আয়োজন করছে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন। ছবি : সংগৃহীতদেশের ৫৬৫ অ্যাথলেটের অংশগ্রহণে কাল শুরু হচ্ছে কোকো ১৮তম জাতীয় সামার অ্যাথলেটিকস প্রতিযোগিতা। ঢাকার জাতীয় স্টেডিয়ামে ২৩ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত চলবে তিন দিনের এই আসর। শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর স্মরণে প্রতিযোগিতাটি আয়োজন করছে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন।
এবারের আসরে পুরুষদের ২২টি ও নারীদের ১৮টি মিলিয়ে মোট ৪০টি ইভেন্ট অনুষ্ঠিত হবে। অংশ নেবেন ৩৭টি জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা, সাতটি সামরিক ও বেসামরিক বাহিনী, ১০টি পাবলিক বিশ্ববিদ্যালয়সহ মোট ৫৭টি সংস্থার অ্যাথলেটরা। প্রতিযোগিতায় ৪৩১ পুরুষ ও ১৩৪ নারী অ্যাথলেটের পাশাপাশি থাকবেন ১১০ জন কোচ ও ম্যানেজার।
আগামীকাল বিকাল ৪টায় প্রতিযোগিতার উদ্বোধন করবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশেষ অতিথি হিসেবে থাকবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ফেডারেশনের সভাপতি মোহাম্মাদ আব্দুল্লাহ জাবের।
প্রতিযোগিতায় প্রযুক্তির ব্যবহারেও গুরুত্ব দিচ্ছে আয়োজকরা। দৌড়ের সময় ও ফল নির্ধারণে থাকবে ইলেকট্রনিক ফটোফিনিশিং ব্যবস্থা। পাশাপাশি আধুনিক সফটওয়্যারের মাধ্যমে অনলাইনে প্রকাশ করা হবে প্রতিটি ইভেন্টের ফলাফল। সাতটি থ্রো ইভেন্ট হবে ২৩ অক্টোবর সকালে বনানীর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে। আর ২৪ অক্টোবর ভোরে পূর্বাচলের ৩০০ ফুট সড়কে অনুষ্ঠিত হবে ম্যারাথন। প্রতিটি ইভেন্টের প্রথম তিনজন পাবেন যথাক্রমে ছয়, পাঁচ ও তিন হাজার টাকা।
রেকর্ড গড়লে মিলবে ২০ হাজার টাকা। সেরা অ্যাথলেটের জন্য থাকছে ১০০ সিসির বৈদ্যুতিক মোটরসাইকেল।
সংবাদ সম্মেলনে ফেডারেশনের সভাপতি জানান, স্থায়ী অ্যাথলেটিকস ভেন্যু নির্মাণ ও ১৩ জেলায় প্রতিভা অন্বেষণের উদ্যোগ নেওয়া হয়েছে। সাধারণ সম্পাদক আলী ইমাম তপন জানান, আসন্ন এসএ গেমসে ১০টি পদক, যার মধ্যে দুটি স্বর্ণ জয়ের লক্ষ্য নিয়ে দীর্ঘমেয়াদি প্রশিক্ষণের পরিকল্পনা করছে ফেডারেশন।
সময়ের আলো/প্রিন্ট/এমকে