প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ৪:৪৮ এএম
জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ২৮তম আসরে ব্যাট হাতে আলো ছড়িয়েছেন খুলনার আজিজুল হাকিম তামিম ও রাজশাহীর নাঈম আহমেদ। ছবি : সংগৃহীতজাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ২৮তম আসরে ব্যাট হাতে আলো ছড়িয়েছেন খুলনার আজিজুল হাকিম তামিম ও রাজশাহীর নাঈম আহমেদ। তামিমের প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথম সেঞ্চুরি এবং নাঈমের অপরাজিত দ্বিশতকে ভর করে জয় পেয়েছে দুই বিভাগ। খুলনা ১০ রানে হারিয়েছে চট্টগ্রামকে, আর বরিশালের বিপক্ষে রাজশাহীর জয় ৮ উইকেটে। অন্যদিকে রংপুরকে ৩৭ রানে হারিয়েছে সিলেট। ঢাকা ও ময়মনসিংহের ম্যাচটি শেষ হয়েছে ড্রয়ে।
তামিম ঝড়ে খুলনার নাটকীয় জয় : সিলেট একাডেমি গ্রাউন্ডে প্রথম ইনিংসে পিছিয়ে থেকেও তামিমের ব্যাটিং নৈপুণ্যে ম্যাচে ফেরে খুলনা। প্রথম ইনিংসে ২০১ রানে অলআউট হওয়ার পর চট্টগ্রাম ২৫০ রান তুলে ৪৯ রানের লিড নেয়। তবে দ্বিতীয় ইনিংসে খুলনার হয়ে ব্যাট হাতে প্রতিরোধ গড়ে তোলেন ১৯ বছর বয়সি তামিম। দলের বিপর্যয়ে দায়িত্ব নিয়ে ১৪৭ বলে ৯ চার ও ১০ ছক্কায় ১৪২ রান করেন এই তরুণ ব্যাটার। প্রথম শ্রেণির ক্রিকেটে এটিই তার প্রথম শতক। তামিমের ইনিংসে ভর করে দ্বিতীয় ইনিংসে ৩২৩ রান সংগ্রহ করে খুলনা। তাতে চট্টগ্রামের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় ২৭৫ রান।
লক্ষ্য তাড়ায় দারুণ সূচনা পায় চট্টগ্রাম। উদ্বোধনী জুটিতে মাহমুদুল হাসান জয় ও সাদিকুর রহমান যোগ করেন ১২৯ রান। জয় ৬০ এবং সাদিকুর ৭৬ রান করে ফিরলে ম্যাচের চিত্র বদলাতে থাকে। ইরফান শুক্কুর ৪৬ রানের ঝড়ো ইনিংসে লড়াই চালালেও বাকিরা দলকে জয়ের বন্দরে নিতে পারেননি। শেষ পর্যন্ত ২৬৪ রানে গুটিয়ে যায় চট্টগ্রাম।
নাঈমের দ্বিশতকে রাজশাহীর জয় : বরিশালের বিপক্ষে রাজশাহীর জয়ের নায়ক নাঈম আহমেদ। প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের প্রথম সেঞ্চুরিকে দ্বিশতকে রূপ দিয়ে দলকে বড় সংগ্রহ এনে দেন তিনি। তার অপরাজিত ২০২ রানে প্রথম ইনিংসে ৪৫৭ রান তুলে ইনিংস ঘোষণা করে রাজশাহী। পরে সহজ লক্ষ্য তাড়া করে জয় নিশ্চিত করে দলটি।
টস হেরে ব্যাট করতে নেমে বরিশাল প্রথম ইনিংসে গুটিয়ে যায় ২২৯ রানে। জবাবে রাজশাহীর ইনিংসে নাঈমের পাশাপাশি অবদান রাখেন সাব্বির রহমান রুম্মান ও এস এম মেহেরব হাসান। সাব্বিরের ৮৬ এবং মেহেরবের ৫৭ রানের পর নাঈম ইনিংসের হাল ধরেন। ৭ উইকেটে ৪৫৭ রান তুলে ইনিংস ঘোষণা করে রাজশাহী, প্রথম ইনিংসে তাদের লিড দাঁড়ায় ২২৮ রান। দ্বিতীয় ইনিংসে বরিশাল ২৭৪ রান তুললেও রাজশাহীর সামনে লক্ষ্য দাঁড়ায় মাত্র ৪৭। জাওয়াদ আবরার করেন ৯১ রান। রাজশাহীর শফিকুল ইসলাম পাঁচ উইকেট নিয়ে বরিশালের ইনিংস থামান। শেষ দিনে ১০.৫ ওভারে দুই উইকেট হারিয়ে জয় তুলে নেয় রাজশাহী।
সিলেটের জয়, ঢাকা-ময়মনসিংহে ড্র : চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে রংপুরকে ৩৭ রানে হারিয়েছে সিলেট। দুই ইনিংসে সিলেটের সংগ্রহ যথাক্রমে ১৭৯ ও ২৩৭ রান। জবাবে রংপুর প্রথম ইনিংসে ২০৬ রান করার পর দ্বিতীয় ইনিংসে থামে ১৭৩ রানে। তাতে ব্যবধান গড়ে দিয়ে জয় নিশ্চিত করে সিলেট।
সময়ের আলো/প্রিন্ট/এমকে