প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ১১:৩৬ এএম
সংগৃহীত ছবিত্রিদেশীয় সিরিজে টানা দুই ম্যাচে হেরে ফাইনালের আগেই বিদায় নিয়েছে বাংলাদেশ। আফগানিস্তান ও জিম্বাবুয়ের কাছে হারের পর দলের ব্যাটিং ব্যর্থতাকেই বড় কারণ হিসেবে দেখছেন ভারপ্রাপ্ত অধিনায়ক তাওহীদ হৃদয়।
বুধবার (২১ অক্টোবর) আফগানিস্তানের কাছে ৭ উইকেটে হারের পর সংবাদ সম্মেলনে ব্যাটারদের ব্যর্থতার কথা স্বীকার করেন হৃদয়।
তিনি বলেন, ‘আমার যেটা মনে হয়েছে… কোন কোন জায়গা বলতে চাচ্ছি না। তবে খুব ক্লিয়ার একটা জায়গা– আমরা ব্যাটাররা দুটো ম্যাচেই বাজে ব্যাটিং করেছি। যে কারণে পুরো দল সাফার করেছে।’
দলের ব্যাটিং ইউনিটের সামগ্রিক ব্যর্থতার কথা উল্লেখ করে হৃদয় জানান, পাইপলাইনে পর্যাপ্ত খেলোয়াড় রয়েছে। তবে দেশের বাইরে গিয়ে প্রত্যাশা অনুযায়ী খেলতে পারছে না দল। তার ভাষ্য, ‘একটা জায়গা নিয়ে বলতে চাচ্ছি না। ব্যাটিং ইউনিট পুরোটা একসঙ্গে ফেইল করেছে। পাইপলাইনে অবশ্যই যথেষ্ট খেলোয়াড় আছে। অ্যাওয়ে সিরিজে ভালো করতে পারছি না। হোমে যে খেলা হচ্ছে, বেশ কিছু সিরিজ বেশ ভালোভাবে জিতেছি। ব্যাটিং ইউনিট হিসেবে কিছু জায়গায় উন্নতি করতে হবে। বাইরের কন্ডিশনে খেলা হলে কিছু এরিয়া আছে যেখানে উন্নতি প্রয়োজন।’
আফগানিস্তানের বিপক্ষে টানা পাঁচ ম্যাচে হার এবং জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ চার ম্যাচের তিনটিতে পরাজয়ের পরও দলের সামর্থ্য নিয়ে আশাবাদী হৃদয়। তিনি বলেন, ‘এই দল নিয়েই বড় বড় দলকে হারিয়েছি। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, পাকিস্তান– সব হোমে ছিল। এক-দুই ম্যাচ দিয়ে বলতে চাই না দলের কী হলো। দল ভালো অবস্থায়ই আছে। কিছু জায়গা চোখের সামনে, সবাই দেখতে পাচ্ছে– ব্যাটিং ইউনিট। বাইরে খেললে খুব বাজে ব্যাটিং করছি। যে কারণে পুরো দল সংগ্রাম করছে। দেশে প্রত্যেক ম্যাচেই ব্যাটাররা ভালো করেছে।’
বিদেশের কন্ডিশনে ব্যাটারদের ব্যর্থতার পেছনে দক্ষতার চেয়ে মানসিকতাকেই বড় সমস্যা হিসেবে দেখছেন ডানহাতি এই ব্যাটার। হৃদয়ের মতে, পেশাদার ক্রিকেটার হিসেবে ভিন্ন কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার সক্ষমতা বাড়াতে হবে। তিনি বলেন, ‘সমস্যা মাইন্ডসেটে। এখানে উন্নতির দরকার আছে। প্রফেশনাল প্লেয়ার হিসেবে বাইরের কন্ডিশনে মানিয়ে নেওয়া জরুরি। অ্যাওয়েতে বেশিরভাগ ম্যাচই আমরা হেরেছি। এখানে কাজ করতে হবে।’
সময়ের আলো/কেএইচও