এবার ফুলেও মেসির নাম, ৬ প্রজাতিতে বিশ্বরেকর্ড

ক্রীড়া ডেস্ক

খেলা

ফুটবল মাঠে একের পর এক কীর্তি গড়েছেন লিওনেল মেসি। এবার জীববৈচিত্র্যের জগতেও নিজের নামকে আরও বিস্তৃত করলেন আর্জেন্টিনার এই মহাতারকা।

2026-10-22T14:21:19+00:00
2026-10-22T14:24:23+00:00
 
  বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬,
৬ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
খেলা
এবার ফুলেও মেসির নাম, ৬ প্রজাতিতে বিশ্বরেকর্ড
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ২:২১ পিএম  আপডেট: ২২.১০.২০২৬ ২:২৪ পিএম
লিওনেল মেসি ও উদ্ভিদ সালভিয়া মেসি। ছবি : সংগৃহীত
ফুটবল মাঠে একের পর এক কীর্তি গড়েছেন লিওনেল মেসি। এবার জীববৈচিত্র্যের জগতেও নিজের নামকে আরও বিস্তৃত করলেন আর্জেন্টিনার এই মহাতারকা। পেরুর আন্দিজ পর্বতমালায় আবিষ্কৃত নতুন এক প্রজাতির ফুলের গাছের নাম রাখা হয়েছে তার নামে। এর মধ্য দিয়ে প্রাণী, উদ্ভিদ, ছত্রাক ও জীবাশ্ম মিলিয়ে মেসির নামে নামকরণ করা প্রজাতির সংখ্যা দাঁড়িয়েছে ছয়টিতে।

নতুন উদ্ভিদটির বৈজ্ঞানিক নাম সালভিয়া মেসি। তুলসী ও পুদিনা গোত্রের এই গাছ পেরুর মধ্য ও দক্ষিণ আন্দিজ পর্বতমালার নির্দিষ্ট কিছু এলাকায় জন্মায়। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ২ হাজার থেকে ২ হাজার ৪০০ মিটার উচ্চতায় পাথুরে ও শুষ্ক ঢালে বেড়ে ওঠে এটি। গাছটি সর্বোচ্চ প্রায় দেড় মিটার পর্যন্ত লম্বা হতে পারে। এর হালকা নীল ও সাদা ফুলের রঙের সঙ্গে মিল রয়েছে আর্জেন্টিনার জাতীয় পতাকার রঙের।

দুই দশকেরও বেশি সময় ধরে আর্জেন্টিনার হয়ে ফুটবল খেলা মেসির নামে নতুন এই প্রজাতির নামকরণকে তার অর্জনের প্রতি বিশেষ স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে। বৈজ্ঞানিক নামকরণের প্রচলিত নিয়ম অনুসরণ করেই উদ্ভিদটির নাম রাখা হয়েছে।

নতুন প্রজাতিটি নিয়ে গবেষণায় নেতৃত্ব দিয়েছেন ন্যাশনাল ইউনিভার্সিটি অব সান মার্কোসের প্রাকৃতিক ইতিহাস সংগ্রহশালার গবেষক পল গনজালেস। তার সঙ্গে ছিলেন আর্জেন্টিনার গবেষক রোলান্দো উরিয়া এবং হুয়ারাঙ্গো নেচারের জীববিজ্ঞানী জঁ কাপচা-রামোস। উদ্ভিদবিষয়ক একটি সাময়িকীর অক্টোবর সংখ্যায় তাদের গবেষণাপত্র প্রকাশিত হয়েছে।

তবে মেসির নামে পরিচিতি পাওয়া এই উদ্ভিদ নিয়ে আনন্দের পাশাপাশি উদ্বেগও রয়েছে। নির্দিষ্ট কিছু এলাকায় সীমাবদ্ধ থাকায় প্রজাতিটিকে ইতোমধ্যে বিপন্ন হিসেবে চিহ্নিত করা হয়েছে। ফলে, এর অস্তিত্ব টিকিয়ে রাখতে প্রাকৃতিক আবাসস্থল সংরক্ষণের ওপর গুরুত্ব দিচ্ছেন গবেষকেরা।


মেসির নামে শুধু উদ্ভিদ নয়, বিভিন্ন প্রাণী, ছত্রাক ও জীবাশ্মের নামও রাখা হয়েছে। ২০২৪ সালের মে মাসে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস তাকে সবচেয়ে বেশি প্রজাতির নামে নামকরণ করা ফুটবলার হিসেবে স্বীকৃতি দেয়। সে সময় তার নামে নামকরণ করা প্রজাতির সংখ্যা ছিল ৫টি। নতুন উদ্ভিদ সালভিয়া মেসি যুক্ত হওয়ায় সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬টিতে।

মেসির নামে নামকরণ করা প্রজাতিগুলোর মধ্যে রয়েছে ২০২১ সালে নাম পাওয়া আর্জেন্টিনার এক ধরনের টিকটিকি লিওলায়েমুস মেসি। ২০২৩ সালে পাতাগোনিয়া অঞ্চলের মাটির নিচে বসবাসকারী এক প্রজাতির মাকড়সার নাম রাখা হয় আকান্থোগোনাটাস মেসি। একই বছর আর্জেন্টিনায় পাওয়া প্রাগৈতিহাসিক সামুদ্রিক প্রাণীর জীবাশ্মের নাম দেওয়া হয় ডিস্কনিস্কা মেসি এবং প্রাচীন এক ধরনের শকুনের জীবাশ্মের নাম রাখা হয় ভালচার মেসি।

এরপর ২০২৪ সালে আর্জেন্টিনার সালতা প্রদেশের আন্দিজের মেঘে ঢাকা বনাঞ্চলে পাওয়া এক ধরনের ছত্রাকের নামকরণ করা হয় সেরকোপেমসেস মেসি। সর্বশেষ ২০২৬ সালে পেরুর আন্দিজে আবিষ্কৃত ফুলের গাছ সালভিয়া মেসি যুক্ত হলো এই তালিকায়। ফলে, ফুটবলের বাইরেও প্রকৃতির বৈচিত্র্যময় জগতে নিজের নামের স্বতন্ত্র পরিচিতি গড়ে তুলেছেন আর্জেন্টাইন এই কিংবদন্তি।

সময়ের আলো/মহু
  বিষয়:   ফুটবল  লিওনেল মেসি  গিনেস রেকর্ড  সালভিয়া মেসি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: