ছবি : সংগৃহীতজাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) টানা দুই ম্যাচে নব্বইয়ের ঘরে গিয়ে সেঞ্চুরি হাতছাড়া হয়েছিল কালাম সিদ্দিকির। এবার আর সেই আক্ষেপ নয়, তিন অঙ্ক ছুঁয়েছেন তরুণ এই ব্যাটার। ওয়েস্ট ইন্ডিজের মতো আন্তর্জাতিক দলের বিপক্ষে বিসিবি একাদশের হয়ে খেলেছেন ১৩৫ রানের দুর্দান্ত ইনিংস। যদিও দুদিনের প্রস্তুতি ম্যাচের এই সেঞ্চুরি জায়গা পাবে না আনুষ্ঠানিক পরিসংখ্যানে, তাতে মন খারাপ নেই কালামের। কারণ রেকর্ড বুকে না থাকলেও নিজের রেকর্ড বুকে ঠিকই জায়গা করে নেবে এই অর্জন।
বসুন্ধরায় আনভীর ক্রিকেট স্টেডিয়ামে ক্যারিবীয়দের বিপক্ষে বৃহস্পতিবার ব্যাট হাতে আলো ছড়ান কালাম। প্রথম শ্রেণি কিংবা লিস্ট ‘এ’ ক্রিকেটে এর আগে ভালো ইনিংস খেললেও সেঞ্চুরির দেখা পাননি তিনি। এবার নিজের স্বাভাবিক ব্যাটিংয়ের ধরন রেখেই সেই অপেক্ষার অবসান ঘটিয়েছেন।
ম্যাচ শেষে কালাম বলেন, ‘ওখানেও ভালো ইনিংস হচ্ছিল, ১০০ হয়নি। এখানে এলাম, একই প্যাটার্নে খেলার চেষ্টা করেছি। ১০০ হয়েছে, আলহামদুলিল্লাহ।’
প্রস্তুতি ম্যাচের সেঞ্চুরি আনুষ্ঠানিক রেকর্ডে যোগ না হলেও সেটিকে বিশেষ অর্জন হিসেবেই দেখছেন ১৯ বছর বয়সি এই ব্যাটার। কালাম বলেন, ‘না না, নিজের রেকর্ড বুকে তো অবশ্যই থাকবে। সামনে এনসিএল খেলাগুলো আছে, আশা করি আরও ভালো হবে।’
ওয়েস্ট ইন্ডিজের মতো বড় দলের বোলারদের বিপক্ষে খেলার স্বপ্নও পূরণ হয়েছে কালামের। ২০০৯ সালে কেমার রোচের জাতীয় দলে অভিষেকের সময় তার বয়স ছিল মাত্র দুই বছর। সেই অভিজ্ঞ পেসারের বিপক্ষে ব্যাট করার সুযোগ পাওয়া তাই বিশেষ অভিজ্ঞতা।
কালামের ভাষায়, ‘অবশ্যই একটা স্বপ্ন ছিল ওয়েস্ট ইন্ডিজের মতো এমন একটা বড় জাতীয় দল, যাদের মধ্যে অনেক নামি-দামি ভালো প্লেয়ার আছে, তাদের বিপক্ষে খেলা। বিসিবি একাদশে খেলে সেই স্বপ্নটা আজকে কিছুটা পূরণ হলো। সামনে চেষ্টা করব এমন ভালো প্লেয়ারদের সঙ্গে আরও খেলার।’
ব্যাটিংয়ের সময় ক্যারিবীয় বোলারদের স্লেজিংও সামলাতে হয়েছে তাকে। তবে ঘরোয়া ক্রিকেটে এমন চাপের মুখোমুখি হওয়ার অভিজ্ঞতা থাকায় বিচলিত হননি কালাম। তিনি বলেন, ‘একদম স্বাভাবিক ছিলাম। আমরা আমাদের ঘরোয়া ক্রিকেটেও খেলি, তখন বড় ভাইয়েরা আমাদের ওপর চাপ তৈরি করেন। এখানেও একই রকম, অতটা কষ্ট হয়নি। উইকেট ভালো ছিল, তাই স্বাভাবিক ছিলাম।’
নন-স্ট্রাইকে থাকা জিসান আলামকেও স্লেজিংয়ের মুখে পড়তে হয়েছে। কালাম বলেন, ‘ও বাউন্সারগুলো হিট করছিল, লিভ করছিল। এ জন্য ওকে খেপাচ্ছিল আরকি।’
১৩৫ রানের ইনিংসের পর সতীর্থ ও নির্বাচকদের প্রশংসাও পেয়েছেন তিনি। তবে এখনই বাড়তি প্রত্যাশার চাপ নিতে চান না তরুণ ব্যাটার। কালাম বলেন, ‘অত কিছু এখনো চিন্তা করিনি। আজকের একটি ভালো ইনিংস হলো, চেষ্টা করব এটা চালিয়ে যেতে।’
সময়ের আলো/প্রিন্ট/এসএকে