প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ১১:৪৭ পিএম
ছবি : সংগৃহীতবাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের উদ্যোগে আজ থেকে শুরু হচ্ছে ‘৪০তম জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ।’ এবারের প্রতিযোগিতায় ৮৮টি দলের (জেলা, বিভাগ, শিক্ষা বোর্ড, বিশ্ববিদ্যালয় ও সংস্থা) রেকর্ড ৬১৬ শাটলার অংশ নিচ্ছেন। যেখানে পুরুষ প্রতিযোগী ৫৩৫ এবং নারী শাটলার রয়েছেন ৮১ জন। পল্টনস্থ শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত ছয় দিনব্যাপী এ আয়োজনের পর্দা নামবে আগামী ২৮ অক্টোবর।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আসরের উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) নির্বাহী পরিচালক মোহাম্মদ দৌলতুজ্জামান খান এবং এনএসসির পরিচালক (ক্রীড়া) মোহাম্মদ জাহেদ পারভেজ চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি মোহাম্মদ ইকবাল হোসেন।
শহীদ তাজউদ্দিন ইনডোরে টেবিল টেনিস ও ব্যাডমিন্টন প্রতিযোগিতা মানেই বিদ্যুৎ-এসি জটিলতা। এ নিয়ে ব্যাডমিন্টন ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী হাসিবুর রহমান শাকিল বলেন, ‘আলো এখন পর্যাপ্ত রয়েছে। কিছু লাইটে সমস্যা ছিল গতকাল জাতীয় ক্রীড়া পরিষদ ঠিক করেছে। এসির সমস্যা অনেক দিনের। সেন্ট্রাল এসি প্রয়োজন। ডিসেম্বরে ইউনেক্স আন্তর্জাতিক প্রতিযোগিতার আগে মন্ত্রী সেই সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন।’
জাতীয় প্রতিযোগিতায় এবার বেশ কয়েকটি প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষকতা পেয়েছে। আসরের ব্যয় নিয়ে সাধারণ সম্পাদক বলেন,‘সব মিলিয়ে শাটলার ছয়শর বেশি। এত সংখ্যক বেশি প্রতিযোগি আগে অংশ নিয়েছিল কিনা জানা নেই। শাটলারদের আবাসন, শাটল ককেই খরচের সিংহভাগ যাচ্ছে। অর্ধ কোটি টাকার মতো বাজেট।’
দেশের ব্যাডমিন্টনে নতুন প্রতিভা অন্বেষণ, প্রতিভাবান খেলোয়াড়দের প্রতিভা তুলে ধরা এবং জাতীয় পর্যায়ে খেলাটির প্রতিযোগিতামূলক মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখাই জাতীয় চ্যাম্পিয়নশিপ আয়োজনের লক্ষ্য ও উদ্দেশ্য বলে মন্তব্য করেন ব্যাডমিন্টন ফেডারেশনের সাধারণ সম্পাদক। ১০ লাখ টাকার প্রাইজমানির টুর্নামেন্টে পুরুষ এককে চ্যাম্পিয়ন পাবেন ১ লাখ ৪০ হাজার, রানার আপ পাবেন ১ লাখ টাকা। নারী এককে চ্যাম্পিয়ন ১ লাখ এবং রানার আপের জন্য থাকছে ৬০ হাজার টাকা অর্থ পুরস্কার। এ ছাড়া পুরুষ দ্বৈতে চ্যাম্পিয়ন ১ লাখ ৪০ হাজার, রানার্স আপ ১ লাখ টাকা, নারী দ্বৈতে চ্যাম্পিয়ন ১ লাখ, রানার্স আপ ৬০ হাজার এবং মিশ্র দ্বৈতে চ্যাম্পিয়ন পাবেন ১ লাখ এবং রানার্স আপের জন্য থাকছে ৬০ হাজার টাকা। এছাড়া টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের জন্য থাকছে বিশেষ পুরস্কার ইলেকট্রিক বাইক।
ইনজুরি থেকে পুরো সেরে না ওঠায় গত আসরের পুরুষ এককে চ্যাম্পিয়ন বাংলাদেশ আনসারের খন্দকার আবদুস সোয়াদ এবার অংশ নিচ্ছেন না। তবে রানার আপ বাংলাদেশ সেনাবাহিনীর আল আমিন জুমার থাকছেন। এ ছাড়া নারী এককে গত আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ সেনাবাহিনীর নাসিমা খাতুন, রানার আপ উর্মি আক্তার (বাংলাদেশ সেনাবাহিনী)সহ শীর্ষ খেলোয়াড়রা প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন।
সময়ের আলো/প্রিন্ট/এসএকে