প্রকাশ: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ৬:০২ এএম
লিওনেল স্কালোনি। ছবি : সংগৃহীতআর্জেন্টিনা জাতীয় দলের ডাগআউটে লিওনেল স্কালোনির অধ্যায় আরও দীর্ঘ হতে যাচ্ছে। ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত তার সঙ্গে চুক্তি নবায়নের পথে এগোচ্ছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। আনুষ্ঠানিক ঘোষণা না এলেও দুই পক্ষের আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে বলে জানিয়েছে দেশটির একাধিক সংবাদমাধ্যম।
বর্তমানে স্কালোনির সঙ্গে এএফএর চুক্তির মেয়াদ চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত। নতুন চুক্তির কাঠামো নিয়ে অবশ্য আর্জেন্টিনার সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে কিছুটা ভিন্নতা রয়েছে। টিওয়াইসি স্পোর্টসের খবর অনুযায়ী, প্রথমে দুই বছরের জন্য চুক্তি নবায়ন করা হবে। এরপর উভয় পক্ষের সম্মতিতে ২০২৮ কোপা আমেরিকা থেকে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আরও দুই বছরের মেয়াদ বাড়ানোর সুযোগ থাকবে।
অন্যদিকে ‘ক্লারিন’ জানিয়েছে, চুক্তিটি সরাসরি চার বছরের জন্যও হতে পারে। সে ক্ষেত্রে ২০২৮ কোপা আমেরিকা হবে চুক্তির মাঝপথের গুরুত্বপূর্ণ ধাপ। তবে আর্থিক শর্তসহ কিছু বিষয়ে দুই পক্ষের মধ্যে এখনও সমঝোতা বাকি রয়েছে বলে দাবি সংবাদমাধ্যমটির।
চুক্তি নিয়ে আলোচনা অনেক দূর এগোলেও আনুষ্ঠানিক ঘোষণা দিতে তাড়াহুড়া করতে চায়নি এএফএ। আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘লা নাসিওন’-এর প্রতিবেদন অনুযায়ী, সর্বশেষ আন্তর্জাতিক বিরতিতে লিওনেল মেসির জাতীয় দলের বিদায়ী ম্যাচকে প্রাধান্য দিতেই স্কালোনির ভবিষ্যৎ নিয়ে কোনো ঘোষণা দেওয়া হয়নি।
সময়ের আলো/প্রিন্ট/এমকে