ইনফান্তিনোর পুনর্নির্বাচনে এশিয়ার সমর্থন

ক্রীড়া ডেস্ক

খেলা

ফিফা সভাপতি হিসেবে জিয়ান্নি ইনফান্তিনোকে চতুর্থ মেয়াদে দেখতে চায় এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। শুক্রবার টোকিওতে সংস্থাটির বিশেষ কংগ্রেসে এ সমর্থনের

2026-10-23T16:44:30+00:00
2026-10-23T16:44:30+00:00
 
  শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬,
৭ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
খেলা
ইনফান্তিনোর পুনর্নির্বাচনে এশিয়ার সমর্থন
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ৪:৪৪ পিএম 
ছবি : সংগৃহীত
ফিফা সভাপতি হিসেবে জিয়ান্নি ইনফান্তিনোকে চতুর্থ মেয়াদে দেখতে চায় এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। শুক্রবার টোকিওতে সংস্থাটির বিশেষ কংগ্রেসে এ সমর্থনের কথা জানান এএফসি সভাপতি শেখ সালমান বিন ইব্রাহিম আল খলিফা। তার ভাষ্য, ইনফান্তিনোর নেতৃত্বের প্রতি এএফসির পূর্ণ অঙ্গীকার ও সমর্থন রয়েছে।

এএফসির ৪৭ সদস্যের সমর্থন ফিফা সভাপতি নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে সালমানের বক্তব্য অনুযায়ী, সব সদস্য একই অবস্থানে আছেন কি না, তা নিশ্চিত নয়। তিনি আশা প্রকাশ করেছেন, অধিকাংশ সদস্য ইনফান্তিনোর পক্ষে থাকবেন।

তবে এ সমর্থন এসেছে সাম্প্রতিক বিরোধের পর। বিশ্বকাপসহ ফিফার বিভিন্ন প্রতিযোগিতার বাণিজ্যিক স্বত্বে বেসরকারি বিনিয়োগের সুযোগ তৈরির একটি পরিকল্পনা নিয়ে ইনফান্তিনোর সঙ্গে এএফসি, উয়েফা ও কনকাকাফের বিরোধ তৈরি হয়েছিল। পরিকল্পনাটি পরে বাতিল হয়। এ নিয়ে সমালোচনার মুখে ফিফা কাউন্সিলের বৈঠকে দুঃখ প্রকাশ করেন ইনফান্তিনো।

টোকিওতে ইনফান্তিনোকে আলিঙ্গন করে শেখ সালমান বলেন, ‘ফিফা সভাপতি হিসেবে নতুন মেয়াদে দায়িত্ব পালনের জন্য আপনি যখন চেষ্টা করছেন, তখন আপনার নেতৃত্বের প্রতি আমাদের পূর্ণ অঙ্গীকার ও সমর্থন পুনর্ব্যক্ত করছি। আমি নিশ্চিত, আমার অধিকাংশ সদস্যের অনুভূতিও এমনই।’


আগের বিরোধের প্রসঙ্গ টেনে এএফসি সভাপতি আরও বলেন, ‘জিয়ান্নি, আমি স্পষ্ট করে বলতে চাই, অতীতে কিছু বিষয় নিয়ে আমাদের সমস্যা হয়েছিল। আমরা সেগুলো নিয়ে কথা বলেছি। গত কয়েক দিনে জুরিখে আমাদের বৈঠকে আপনি স্পষ্ট করেছেন, আমাদের মধ্যে প্রকৃত বোঝাপড়া রয়েছে।’

অন্যদিকে, ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে উয়েফার আপত্তি এখনো রয়েছে। ফলে এশিয়ার সমর্থন তাঁর পুনর্নির্বাচনের প্রচেষ্টায় গুরুত্বপূর্ণ হলেও নির্বাচনের ফল নিশ্চিত নয়।

ফিফা সভাপতি নির্বাচন আগামী মার্চে অনুষ্ঠিত হওয়ার কথা। ইনফান্তিনো ২০১৬ সাল থেকে এই দায়িত্বে আছেন এবং চতুর্থ মেয়াদে নির্বাচিত হতে চান। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার শেষ সময় ১৮ নভেম্বর।

সময়ের আলো/টিকে
  বিষয়:   ইনফান্তিনো  পুনর্নির্বাচন  এশিয়ার সমর্থন  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: