লিটন কুমার দাস। ছবি : সংগৃহীতচোট কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলেও পুরোপুরি শঙ্কামুক্ত নন লিটন কুমার দাস। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের প্রথম ম্যাচের দলে জায়গা পেয়েছেন অভিজ্ঞ এই উইকেটকিপার-ব্যাটার। তবে তাকে নিয়ে এখনও কিছুটা উদ্বেগ রয়েছে নির্বাচকদের। লিটনকে নিয়ে অনিশ্চয়তা থাকলেও বড় কোনো পরিবর্তনের পথে হাঁটেনি বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের দল থেকে বাদ পড়েছেন সৌম্য সরকার ও সৈয়দ খালেদ আহমেদ। অন্যদিকে বিশ্রাম কাটিয়ে দলে ফিরেছেন অভিজ্ঞ পেসার তাসকিন আহমেদ।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শুক্রবার সকালে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠেয় প্রথম টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। আগামী বুধবার শুরু হবে দুই ম্যাচের সিরিজ। দলে জায়গা ধরে রেখেছেন নাঈম হাসানও। সংযুক্ত আরব আমিরাতে টেস্ট দলের প্রস্তুতি ও দুই দিনের অনুশীলন ম্যাচের জন্য দলের সঙ্গে সফরে গিয়েছিলেন এই অফস্পিনার। পরে অনুশীলন ম্যাচেও খেলেছেন তিনি।
তবে লিটনের ফিটনেস নিয়ে এখনও পুরোপুরি নিশ্চিত নন নির্বাচকরা। প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন জানিয়েছেন, লিটনকে নিয়ে কিছুটা উদ্বেগ থাকলেও তারা আশাবাদী।
বাশার বলেন, ‘ভিশন ইজ ভেরি ক্লিয়ার। এই দুটি ম্যাচ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনি আমাদের দলটা দেখুন, খুব বেশি পরিবর্তন করিনি।’
লিটনকে নিয়ে শঙ্কার কথা জানিয়ে তিনি আরও বলেন, ‘যদিও লিটনকে নিয়ে একটু কনসার্ন আছে। তবে আমরা আশাবাদী সে ঠিক হয়ে যাবে। তা হলে আমাদের খুব বেশি পরিবর্তন করতে হবে না। আমরা আশাবাদী এবং আত্মবিশ্বাসী।’
ওয়ানডেতে লিটন এখন চার নম্বরে ব্যাট করছেন। টেস্টেও তার ব্যাটিং পজিশন নিয়ে কথা বলেছেন প্রধান নির্বাচক। বাশারের মতে, সাম্প্রতিক সময়ে ওপেনিংয়ে না নামলেও চার নম্বর পজিশনে লিটন দলের গুরুত্বপূর্ণ ব্যাটার। পাঁচ নম্বরে থাকবেন তাওহীদ হৃদয়।
বাশার বলেন, ‘লিটন তো এখন চার নম্বরে ব্যাট করছে। বেশ কয়েকটি সিরিজ থেকেই ওপেন করছে না। সে আমাদের চার নম্বরের ব্যাটার। নম্বর ফাইভ তাওহীদ হৃদয়।’
মোসাদ্দেককে নিয়ে বাশার বলেন, ‘আমরা মোসাদ্দেককে দলে নিয়েছি, প্রথম সিরিজে ম্যান অব দ্য সিরিজ হয়েছে। এরপর দুর্ভাগ্যক্রমে তার একটু অফ ফর্ম যাচ্ছে, রান করছে না।’
আফগানিস্তানের বিপক্ষে টেস্টে বিশ্রামে ছিলেন ৩১ বছর বয়সি তাসকিন আহমেদ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ দিয়ে আবারও সাদা পোশাকে ফিরছেন অভিজ্ঞ এই পেসার। চলতি বছর বাংলাদেশের হয়ে চারটি টেস্ট খেলেছেন তিনি। এই সংস্করণে তার সবশেষ ম্যাচ ছিল গত আগস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে।
টেস্ট ক্রিকেটে এখন পর্যন্ত ৫৯ উইকেট নিয়েছেন তাসকিন। তার বোলিং গড় ৩৯.১৮। অভিজ্ঞ এই পেসারের প্রত্যাবর্তন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের বোলিং আক্রমণে বাড়তি শক্তি জোগাবে বলে আশা করা হচ্ছে।
চোটের কারণে চলমান ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে খেলতে পারেননি লিটন। তবে তার আগে আবুধাবি টেস্টে ব্যাট ও উইকেটের পেছনে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন তিনি। ব্যাট হাতে ৫৩ ও ১০২ রানের দুটি দারুণ ইনিংস খেলেছিলেন। দুই ইনিংস মিলিয়ে উইকেটের পেছনে তার ডিসমিসাল ছিল নয়টি।
টেস্ট ক্রিকেটের দীর্ঘ ইতিহাসে এক ম্যাচের দুই ইনিংসে পঞ্চাশছোঁয়া ইনিংস খেলার পাশাপাশি উইকেটকিপার হিসেবে নয়টি ডিসমিসালের কীর্তি রয়েছে শুধু লিটনেরই।
নিতম্বের চোটে ত্রিদেশীয় সিরিজ থেকে ছিটকে যাওয়ার পর তার ফিটনেস নিয়ে তৈরি হয়েছিল অনিশ্চয়তা। লিটনের অনুপস্থিতিতে জিম্বাবুয়ে ও আফগানিস্তানের বিপক্ষে টুর্নামেন্ট থেকে আগেভাগেই বিদায় নিতে হয়েছে বাংলাদেশকে। এবার টেস্ট দলে ফিরলেও প্রথম ম্যাচে তার খেলা নিয়ে চূড়ান্ত নিশ্চয়তা এখনও নেই।
আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের দল থেকে বাদ পড়েছেন সৌম্য সরকার ও সৈয়দ খালেদ আহমেদ। দুজনের কেউই ম্যাচ না খেলেই দল থেকে ছিটকে গেছেন।
৩৩ বছর বয়সি বাঁহাতি ব্যাটার সৌম্য সবশেষ টেস্ট খেলেছিলেন ২০২১ সালে, মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। অন্যদিকে খালেদ সবশেষ বাংলাদেশের হয়ে টেস্ট খেলেছেন গত জুনে জিম্বাবুয়ের বিপক্ষে হারারে টেস্টে।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের এই সিরিজ বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভালো অবস্থান ধরে রাখতে দুটি ম্যাচেই জয় প্রয়োজন টাইগারদের।
লিটনের ফিটনেস, তাসকিনের প্রত্যাবর্তন এবং ব্যাটিংয়ের ধারাবাহিকতা— সব মিলিয়ে সিরিজ শুরুর আগে বাংলাদেশের সামনে রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ।
সময়ের আলো/প্রিন্ট/কেএইচও