প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ৪:৫৩ এএম
আরাফাত রহমান কোকো জাতীয় সামার অ্যাথলেটিকসে দ্রুততম মানব ইমরানুর ও দ্রুততম মানবী শিরিন আক্তার। ছবি : সংগৃহীতজাতীয় সামার অ্যাথলেটিকসে আধিপত্য ধরে রেখেছে বাংলাদেশ সেনাবাহিনী ও নৌবাহিনী। পদক জয়ের ধারায় নিজেদের শক্তিমত্তার প্রমাণ দিয়েছেন দুই বাহিনীর অ্যাথলেটরা। এর মধ্যে নারীদের ৪০০ মিটার হার্ডলসে নতুন রেকর্ড গড়ে আলো ছড়িয়েছেন সেনাবাহিনীর বর্ষা আক্তার। অন্যদিকে দেশের দ্রুততম মানব ও মানবীর খেতাব ধরে রেখেছেন ইমরানুর রহমান ও শিরিন আক্তার।
জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ১৮তম জাতীয় সামার অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে নারীদের ৪০০ মিটার হার্ডলস শেষ করতে এক মিনিট সময় নেন বর্ষা। এই পারফরম্যান্সেই গড়েন নতুন রেকর্ড। পুরুষদের ১৫০০ মিটার দৌড়ে স্বর্ণপদক জিতেছেন সেনাবাহিনীর মোশাররফ হোসেন।
একই বাহিনীর গৌরাঙ্গ রায় হ্যামার থ্রোতে ৫৫.৪০ মিটার দূরত্ব অতিক্রম করে সেরা হন। নারীদের হাই জাম্পে ১.৬৫ মিটার উচ্চতা পেরিয়ে স্বর্ণ জিতেছেন সেনাবাহিনীর রিতু আক্তার। এই ইভেন্টে টানা পঞ্চমবারের মতো সেরা হওয়ার পাশাপাশি ক্যারিয়ারে অষ্টমবার স্বর্ণপদক জয়ের কৃতিত্ব দেখিয়েছেন তিনি।
অন্যদিকে নারীদের ১৫০০ মিটার দৌড়ে চার মিনিট ৪৮ সেকেন্ড সময় নিয়ে প্রথম হয়েছেন নৌবাহিনীর প্রিয়া আক্তার। পুরুষদের ট্রিপল জাম্পে টানা চতুর্থবারের মতো স্বর্ণ জিতে নিজের শ্রেষ্ঠত্ব ধরে রেখেছেন নৌবাহিনীর রতন মৃধা।
এদিকে ১০০ মিটার স্প্রিন্টে আবারও দেশের দ্রুততম মানব ও মানবীর স্বীকৃতি পেয়েছেন ইমরানুর রহমান ও শিরিন আক্তার। জাতীয় স্টেডিয়ামের ট্র্যাকে নিজেদের সেরা গতি দেখিয়ে এই খেতাব জিতেছেন তারা।
নতুন রেকর্ড, ধারাবাহিক সাফল্য ও ব্যক্তিগত নৈপুণ্যে এবারের প্রতিযোগিতায় নজর কেড়েছেন দেশের শীর্ষ অ্যাথলেটরা। পদক তালিকায় সেনা ও নৌবাহিনীর অ্যাথলেটদের দাপটের পাশাপাশি বর্ষার রেকর্ড গড়া পারফরম্যান্সও প্রতিযোগিতার অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে।
সময়ের আলো/প্রিন্ট/কেএইচও