গাইবান্ধার সাঘাটা উপজেলায় একটি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচন নিয়ে সৃষ্ট বিরোধের জের ধরে সাইফুল্লাহ বারী (২৪) নামে এক ছাত্রশিবির নেতাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় সালাউদ্দিন নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন।
রোববার (২১ জুন) দুপুর সাড়ে বারোটার দিকে উপজেলার বোনারপাড়া চৌরাস্তা মোড়ে এই ঘটনা ঘটে। নিহত সাইফুল্লাহ বোনারপাড়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি ছিলেন। তিনি উপজেলার শিমুলতাইড় গ্রামের হাবিবুর রহমানের ছেলে।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচন নিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুল্লাহর সঙ্গে বাটি গ্রামের জাহিদুল ইসলামের ছেলে মুকুলের রোববার দুপুরে কথা কাটাকাটি হয়। এই বাগ্বিতণ্ডার প্রতিবাদ জানাতে এগিয়ে আসেন ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি সাইফুল্লাহ ও তার সহযোগী সালাউদ্দিন। এতে ক্ষুব্ধ হয়ে মুকুল, তার সহোদর পলাশ ও সহযোগী আশরাফ ধারালো অস্ত্র দিয়ে তাদের ওপর একের পর এক আঘাত করেন বলে অভিযোগ পাওয়া গেছে।
আহত অবস্থায় স্থানীয়রা তাদের প্রথমে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরিস্থিতি আশঙ্কাজনক দেখে সাইফুল্লাহকে গাইবান্ধা জেলা সদর হাসপাতালে স্থানান্তর করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে গুরুতর আহত সালাউদ্দিনের অবস্থার অবনতি হওয়ায় তাকে বগুড়ার শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সাঘাটা উপজেলা জামায়াতের আমির মাওলানা ইব্রাহিম হোসেন। তিনি এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানান।
এ বিষয়ে জানতে চাইলে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, হত্যাকাণ্ডের ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলছে।
সময়ের আলো/জোই