নকল সার-কীটনাশকের কারখানায় অভিযান, জরিমানা ২ লাখ ও কারাদণ্ড

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি

সারাদেশ

নওগাঁর মহাদেবপুরে নকল সার ও কীটনাশক উৎপাদন এবং বাজারজাতের অভিযোগে দুটি কারখানায় অভিযান চালিয়েছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও

2026-11-07T15:09:00+00:00
2026-11-07T15:09:00+00:00
 
  শনিবার, ৭ নভেম্বর ২০২৬,
২৩ কার্তিক ১৪৩৩
শনিবার, ৭ নভেম্বর ২০২৬
সারাদেশ
নকল সার-কীটনাশকের কারখানায় অভিযান, জরিমানা ২ লাখ ও কারাদণ্ড
মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ৩:০৯ পিএম 
মো. দেলোয়ার হোসেন। ছবি : সময়ের আলো
নওগাঁর মহাদেবপুরে নকল সার ও কীটনাশক উৎপাদন এবং বাজারজাতের অভিযোগে দুটি কারখানায় অভিযান চালিয়েছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও এসআরবি। অভিযানে প্রতিষ্ঠান দুটির মালিকপক্ষকে মোট ২ লাখ টাকা জরিমানা এবং একজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৭ নভেম্বর) সকাল থেকে বেলা ১১টা পর্যন্ত উপজেলার শিবগঞ্জ বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাঈম বিনতে আজিজ।

সূত্র জানায়, শিবগঞ্জ বাজারে দীর্ঘদিন ধরে এস ডি অ্যাগ্রোভেট নামের একটি কারখানায় মোতাহার হোসেন নকল সার ও কীটনাশক উৎপাদন ও বাজারজাত করতেন। তার মৃত্যুর পর দুই ছেলে মো. শাহিনুর আলম ও দেলোয়ার হোসেন একই নামে পৃথক দুটি কারখানা পরিচালনা করে আসছিলেন। তাদের বিরুদ্ধে নকল সার ও কীটনাশক তৈরি এবং বাজারজাতের মাধ্যমে কৃষকদের সঙ্গে প্রতারণার অভিযোগ রয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে কৃষকদের স্বার্থ রক্ষা এবং কৃষি উৎপাদনের সম্ভাব্য ক্ষতি ঠেকাতে উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ অভিযান চালানো হয়।

অভিযানকালে এস ডি অ্যাগ্রোভেটের মালিক মো. শাহিনুর আলম উপস্থিত না থাকায় তার স্ত্রী হাসনাত জাহান পাপিয়ার বিরুদ্ধে বালাইনাশক আইন-২০১৮-এর ৩১(১) ধারায় অপরাধের দায়ে এক লাখ টাকা জরিমানা করা হয়। অনাদায়ে এক মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হলে তিনি জরিমানার অর্থ পরিশোধ করেন।


অন্যদিকে, একই নামে পৃথক আরেকটি কারখানা পরিচালনার দায়ে শাহিনুর আলমের ভাই মো. দেলোয়ার হোসেনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

উপজেলা কৃষি কর্মকর্তা হোসাইন মোহাম্মদ এরশাদ বলেন, প্রতিষ্ঠান দুটির বরন ও জৈব সার উৎপাদনের অনুমোদন রয়েছে। তবে সাইপারমেথ্রিন ও তেলাপোকা মারার চক তৈরির কোনো অনুমোদন-সংক্রান্ত কাগজপত্র তারা দেখাতে পারেননি। অনুমোদিত পণ্যগুলোর মান যাচাইয়ের জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। সেগুলো পরীক্ষার জন্য পাঠানো হবে।

অভিযানের সত্যতা নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল নাঈম বিনতে আজিজ বলেন, প্রতিষ্ঠান দুটির মালিকপক্ষকে মোট দুই লাখ টাকা জরিমানা এবং একজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এর মধ্যে একজন জরিমানার অর্থ পরিশোধ করেছেন। কৃষকদের স্বার্থে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সময়ের আলো/জোই
  বিষয়:   নকল সার  কীটনাশক  কারখানায় অভিযান  জরিমানা  কারাদণ্ড  নওগাঁ  মহাদেবপুর  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: