জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম হুঁশিয়ারি দিয়ে বলেছেন, জুলাই হত্যাকাণ্ড ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদিসহ বিভিন্ন আলোচিত হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে না পারলে এই সরকার কোনোভাবে পাঁচ বছরের মেয়াদ সম্পূর্ণ করতে পারবে না।
মঙ্গলবার (২৩ জুন) রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকির সামনে এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, ‘জুলাই হত্যাকাণ্ড, শাপলা হত্যাকাণ্ড, পিলখানা হত্যাকাণ্ডসহ সকল গুম-খুন এবং শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার অবিলম্বে নিশ্চিত করতে হবে। বিচার যদি নিশ্চিত না করা হয়, এই সরকার কোনোভাবে পাঁচ বছরের মেয়াদ সম্পূর্ণ করতে পারবে না। আমরা জান দিব, কিন্তু জুলাই দেব না, জুলাই বিজয় হবে।’
তিনি বলেন, ‘আওয়ামী লীগ একটি ফ্যাসিস্ট, গণহত্যাকারী এবং সন্ত্রাসবাদী সংগঠন। আওয়ামী লীগ দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব বিরোধী সংগঠন, যার আশ্রয় হয়েছে দিল্লিতে। কারণ আওয়ামী লীগের শিকড় রয়েছে দিল্লিতে, আওয়ামী লীগ একটি ভারতীয় পার্টিতে পরিণত হয়েছে— প্রকৃতপক্ষে এটি একটি ভারতীয় পার্টিই ছিলো। আওয়ামী লীগের দেশে রাজনীতি করার সুযোগ বাংলাদেশে ৫ আগস্টে সমাপ্ত হয়েছে।’
তিনি আরও বলেন, ‘এই সমাবেশে আমরা জড় হয়েছি বিচারের দাবিতে, এটা আমাদের জন্য দুঃখজনক। আমাদের জন্য হতাশার যে গণ-অভ্যুত্থানের দুই বছরের মাথায় আমাদেরকে বিচারের দাবি দিয়ে আজও রাজপথে হাজির হতে হচ্ছে।’
সময়ের আলো/কেএইচও