বগুড়ার শেরপুরে একটি রেস্টুরেন্টে জন্মদিনের অনুষ্ঠান চলাকালে জুলাই গণঅভ্যুত্থানে হত্যাচেষ্টা মামলার আসামি ডা. সামির হোসেন মিশুকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি আওয়ামী লীগ সমর্থিত চিকিৎসকদের সংগঠন ‘স্বাধীনতা চিকিৎসক পরিষদ’ (স্বাচিপ) বগুড়া জেলা শাখার সভাপতি।
মঙ্গলবার (২৩ জুন) রাত সাড়ে ১১টার দিকে শেরপুর উপজেলার ধুনট মোড় এলাকার ‘হোটেল মকটেল’ নামক একটি রেস্টুরেন্ট থেকে তাকে আটক করা হয়। পরে রাতেই আইনি প্রক্রিয়া শেষে তাকে বগুড়া সদর থানা পুলিশের হেফাজতে পাঠানো হয়েছে। স্থানীয়ভাবে ডা. মিশু ‘গরিবের চিকিৎসক’ হিসেবেও বেশ পরিচিত।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই রাতে ‘হোটেল মকটেল’-এ স্বপন নামের এক চিকিৎসক বন্ধুর জন্মদিনের দাওয়াতে অংশ নিতে এসেছিলেন ডা. মিশু। সেখানে তার উপস্থিতির খবর ছড়িয়ে পড়লে স্থানীয় একটি মহলের মধ্যে তীব্র উত্তেজনা দেখা দেয় এবং রেস্টুরেন্ট প্রাঙ্গণে হট্টগোল শুরু হয়।
খবর পেয়ে শেরপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ডা. মিশুকে অক্ষত অবস্থায় উদ্ধার করে থানায় নিয়ে আসে।
পরবর্তীতে খোঁজ নিয়ে জানা যায়, ২০২৪ সালের জুলাই মাসের গণঅভ্যুত্থানের সময় ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় বগুড়া সদর থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়েছিল। সেই সুনির্দিষ্ট মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে ডা. মিশুকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার দেখানো হয়।
গ্রেফতারকৃত ডা. সামির হোসেন মিশু বগুড়া শহরের জলেশ্বরীতলা এলাকার বাসিন্দা এবং প্রয়াত ডা. সাফদার হোসেনের ছেলে। স্বাচিপের রাজনীতির পাশাপাশি তিনি ইতঃপূর্বে বগুড়া সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
বিষয়টি নিশ্চিত করে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দীন জানান, বগুড়া সদর থানায় দায়ের হওয়া একটি মামলার সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তাকে প্রথমে আটক করা হয়েছিল। পরবর্তীতে আইনি প্রক্রিয়া মেনে রাতেই তাকে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
সময়ের আলো/জেডি