ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, বাংলাদেশের কাছে ডিপিআই কেবল প্রযুক্তির বিষয় নয়, বরং এটি সুশাসনের একটি অন্যতম মাধ্যম। প্রত্যন্ত অঞ্চলের একজন নাগরিক যেন রাজধানীর বাসিন্দাদের মতোই সহজে সরকারি সেবা পেতে পারেন, তা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।
বৃহস্পতিবার (২৫ জুন) জর্জিয়ার তিবিলিসিতে অনুষ্ঠিত 'জাতিসংঘ পাবলিক সার্ভিস ফোরাম ২০২৬'-এর উচ্চপর্যায়ের গোলটেবিল বৈঠকে অংশ নিয়ে মন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে বর্তমান সরকার একটি ডিজিটাল-ফার্স্ট সরকার ব্যবস্থা গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। মন্ত্রী বৈঠকে তিনি অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার (ডিপিআই) এবং সরকারি সেবায় জনগণের অংশগ্রহণ নিশ্চিতকরণের বিষয়ে বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।
ফকির মাহবুব আনাম বলেন, বর্তমানে দেশের নাগরিকেরা সরকারি পেমেন্ট প্ল্যাটফর্ম 'একপে' (EkPay), ‘মাইগভ’ (myGov) অ্যাপ, জাতীয় তথ্য বাতায়ন অথবা সরাসরি ‘৩৩৩’ হেল্পলাইনের মাধ্যমে একই সরকারি সেবা গ্রহণ করতে পারছেন। এছাড়া আগামী তিন বছরে সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত ইন্টারনেট এবং স্মার্ট ডিভাইস নিশ্চিত করার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার।
জনগণের ফিডব্যাক নিশ্চিত করার বিষয়ে মন্ত্রী উল্লেখ করে মন্ত্রী বলেন, ক্যাবিনেট ডিভিশনের ‘গ্রিভেন্স রিড্রেস সিস্টেম’ (GRS) এবং ‘ই-পার্টিসিপেশন’ (e-Participation) সিস্টেমের মাধ্যমে নাগরিকেরা সরাসরি মতামত ও অভিযোগ জানাতে পারছেন। সরকারি প্রতিষ্ঠানগুলোর জবাবদিহিতা আরও জোরদার করতে আগামীতে একটি ‘ই-পার্টিসিপেশন র্যাংকিং’ চালুর পরিকল্পনা রয়েছে বলেও মন্ত্রী জানান।
সময়ের আলো/আআ