অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি : সংগৃহীতদেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ উদ্বেগজনক হারে বাড়ছে। গত পাঁচ বছরের তুলনামূলক চিত্রে দেখা গেছে, ২০২২ সালে ব্যাংক খাতে খেলাপি ঋণের হার ছিল ৭ দশমিক ৬৪ শতাংশ। আর সর্বশেষ সেপ্টেম্বর ২০২৬-এ তা বেড়ে দাঁড়িয়েছে ৩২ দশমিক ১৭ শতাংশে। এ সময়ে খেলাপি ঋণের পরিমাণ হয়েছে প্রায় ৫ লাখ ৯৭ হাজার ১৫৪ কোটি টাকা।
সোমবার (১৬ নভেম্বর) জাতীয় সংসদে সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য মো. রফিকুল ইসলাম খানের লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদ অধিবেশনে প্রশ্নের জবাব দেন তিনি।
সংসদে দেওয়া তথ্য অনুযায়ী, ২০২২ সালে ব্যাংক খাতে মোট খেলাপি ঋণের পরিমাণ ছিল ১ লাখ ১২ হাজার ৯০১ কোটি ৮২ লাখ টাকা। ওই বছর বিতরণ করা মোট ঋণের ৭ দশমিক ৬৪ শতাংশ ছিল খেলাপি। ২০২৩ সালে খেলাপি ঋণের হার বেড়ে দাঁড়ায় ৮ দশমিক ৩৯ শতাংশে।
পরবর্তী সময়ে পরিস্থিতির আরও অবনতি হয়। ২০২৪ সালে ব্যাংক খাতে মোট ঋণের পরিমাণ ছিল ১৭ লাখ ১১ হাজার ৪০১ কোটি ৯১ লাখ টাকা। এর মধ্যে খেলাপি ঋণ ছিল ৩ লাখ ৫ হাজার ৭৩ কোটি ৩৮ লাখ টাকা, যা মোট ঋণের ১৭ দশমিক ৮৩ শতাংশ।
২০২৫ সালে মোট ঋণের পরিমাণ বেড়ে দাঁড়ায় ১৮ লাখ ২০ হাজার ৯১৫ কোটি ৪৪ লাখ টাকা। একই সময়ে খেলাপি ঋণের পরিমাণ বেড়ে হয় ৫ লাখ ৪৪ হাজার ৩৩১ কোটি ৮৮ লাখ টাকা। মোট ঋণের ২৯ দশমিক ৯২ শতাংশ ছিল খেলাপি।
সর্বশেষ সেপ্টেম্বর ২০২৬-এর হিসাবে ব্যাংক খাতে মোট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১৮ লাখ ৫৬ হাজার ১৬৯ কোটি ১৭ লাখ টাকা। এর মধ্যে খেলাপি ঋণ ৫ লাখ ৯৭ হাজার ১৫৪ কোটি ৯৩ লাখ টাকা, যা মোট ঋণের ৩২ দশমিক ১৭ শতাংশ।
অর্থমন্ত্রী জানান, ব্যাংক খাতে ঋণ জালিয়াতি, অনিয়ম ও অর্থ আত্মসাতের মাধ্যমে সৃষ্ট আর্থিক ক্ষতি পুনরুদ্ধার এবং বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে সরকার বিভিন্ন আইনি ও প্রশাসনিক পদক্ষেপ নিয়েছে।
তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নেতৃত্বে এবং জাতীয় রাজস্ব বোর্ডসহ বিভিন্ন সংস্থার সমন্বয়ে গঠিত টাস্কফোর্স এ বিষয়ে কাজ করছে। সন্দেহভাজন ব্যক্তি ও প্রতিষ্ঠানের অর্জিত সম্পদের বিবরণী অনুসন্ধানসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থা প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করছে। এসব সংস্থার মধ্যে আইন ও বিচার বিভাগ, পুলিশ কমিশন, দুর্নীতি দমন কমিশন এবং বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ রয়েছে।
এ ছাড়া ব্যাংক খাতে সুশাসন প্রতিষ্ঠা, বড় খেলাপিদের কাছ থেকে ঋণের অর্থ আদায় এবং ভবিষ্যতে ঋণ জালিয়াতি প্রতিরোধে সময়াবদ্ধ কর্মপরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। অর্থ পাচার রোধ এবং বিদেশে পাচার হওয়া সম্পদ উদ্ধারে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট পাঠানোর উদ্যোগসহ বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান অর্থমন্ত্রী।
সময়ের আলো/এসএকে