প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ৯:০৩ এএম
সকাল ১১টায় নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় বৈঠক অনুষ্ঠিত হবে। ছবি : সংগৃহীত তৈরি পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির জন্য রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনে আজ সোমবার (১৬ নভেম্বর) সকাল ১১টায় নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে মালিকপক্ষ ১৫ থেকে ১৬ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব দিতে পারে বলে জানা গেছে।
এর আগে রাজধানীর সেগুনবাগিচায় গত ৯ নভেম্বর নিম্নতম মজুরি বোর্ডের নিজস্ব কার্যালয়ে দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হয়।
দ্বিতীয় বৈঠকে শ্রমিকপক্ষ ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব দিলেও মালিকপক্ষ প্রস্তাব দেওয়ার জন্য চার দিন সময় নেয়। সে হিসাবে গত বৃহস্পতিবার মালিকপক্ষের প্রস্তাব দেওয়ার কথা ছিল। আজকের তৃতীয় বৈঠকে সেই প্রস্তাব নিয়ে আলোচনা হবে।
বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) একাধিক সদস্যের সূত্রে জানা গেছে, মালিকপক্ষ থেকে ১৫ থেকে ১৬ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব দেওয়া হতে পারে। তাদের মতে, শ্রমিকপক্ষ যেমন দরকষাকষির জন্য ৩২ হাজার টাকার প্রস্তাব দিয়েছে, তেমনি মালিকপক্ষও দরকষাকষির সুযোগ রাখতে ১৫ থেকে ১৬ হাজার টাকার প্রস্তাব দেবে। সেভাবেই প্রস্তুতি নেওয়া হয়েছে।
মালিকপক্ষের একটি সূত্র জানায়, আগের মজুরি বোর্ডগুলোর রীতি অনুসরণ করে তৈরি পোশাক খাতের উদ্যোক্তারা শ্রমিকদের দেওয়ার সামর্থ্যের চেয়ে কিছুটা কম মজুরির প্রস্তাব করবেন। এতে দরকষাকষির জন্য কিছুটা সুযোগ থাকবে। পরবর্তী বৈঠকগুলোতে প্রস্তাবিত মজুরি আরও বাড়ানোর সুযোগও রাখা হবে। পাশাপাশি সরকার কোনো উদ্যোগ নিলে সেটিও বিবেচনায় নেওয়া যাবে।
এদিকে, মজুরি বৃদ্ধির আন্দোলন কিছুটা কমে এলেও গত রোববার (১৫ নভেম্বর) ১৩(১) ধারা অনুসরণ করে ৬৫টি কারখানা বন্ধ ঘোষণা করেছে মালিকপক্ষ। আরও কিছু কারখানায় উৎপাদন শুরু হলেও শেষ পর্যন্ত সেগুলো বন্ধ রাখতে বাধ্য হয় কর্তৃপক্ষ।
সময়ের আলো/কেএইচও