প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ৩:২৪ এএম
ছবি : সংগৃহীত রাজধানীর দক্ষিণখানের আশকোনায় আবাসন প্রতিষ্ঠান আশিয়ান সিটির কার্যালয়ে হামলা, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যায় এ ঘটনায় প্রতিষ্ঠানটির অন্তত চারজন কর্মী আহত হয়েছেন। চাঁদা না দেওয়ায় এ হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন প্রতিষ্ঠানটির পরিচালক।
আশিয়ান সিটির পরিচালক জাহিদুল ইসলাম ভূঁইয়া এশিয়া পোস্টকে বলেন, মাগরিবের আজানের সময় কার্যালয়ের সবাই নামাজে ছিলেন। এ সময় পুরো অফিসে ভাঙচুর চালানো হয়। তিন-চারটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। পাশাপাশি অফিসের কর্মীদের মারধর করা হয়। এতে তিন-চারজন আহত হয়েছেন।
হামলার কারণ সম্পর্কে তিনি বলেন, চাঁদার দাবিতে এ হামলা ও ভাঙচুর চালানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে।
তবে দক্ষিণখান থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) ওমর ফারুক এশিয়া পোস্টকে বলেন, তিনি দায়িত্ব নেওয়ার আগেই ঘটনাটি ঘটেছে বলে শুনেছেন। তবে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো অভিযোগ পাননি। এ কারণে বিস্তারিত জানাতে পারেননি তিনি।
এ বিষয়ে উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. রেজাউল করিম ও দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফহিম উদ্দিনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।
সময়ের আলো/এসএকে