প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ২:৩৬ এএম
ছবি : সংগৃহীত ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দল নেতা সুরুজ্জামান হত্যার প্রতিবাদ ও জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেফতারের দাবিতে মধ্যরাতে ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা।
রোববার (১৫ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে মহাসড়কের বাইপাস এলাকায় এ কর্মসূচি পালন করেন তারা।
অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে বিভিন্ন যানবাহন আটকা পড়ে। এতে ঢাকা থেকে ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর ও জামালপুরের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। মধ্যরাতে ভোগান্তিতে পড়েন মহাসড়কে চলাচলকারী যাত্রীরা।
মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান মাসুম জানান, ২৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সুরুজ্জামান রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মেয়েকে নিয়ে বাড়ির কাছের মধ্য বাড়েরা মুজিব মার্কেটে জুতা কিনতে যান। সেখান থেকে বাড়ি ফেরার পথে ওত পেতে থাকা কয়েকজন দুর্বৃত্ত তার পথ আটকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
সুরুজ্জামানের বড় ভাই ও মহানগর স্বেচ্ছাসেবক দলের ২৬ নম্বর ওয়ার্ডের আহ্বায়ক নোমান জানান, বালু ব্যবসা নিয়ে স্থানীয় আওয়ামীপন্থী কয়েকজনের সঙ্গে তাদের বিরোধ চলছিল। এ বিরোধের জের ধরে হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে তিনি মনে করেন।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত মহাসড়কে অবরোধ চলছিল। ঘটনাস্থলে পুলিশ অবস্থান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।
সময়ের আলো/এসএকে