প্রকাশ: রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ৮:৫০ পিএম
ছবি : সংগৃহীতস্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল, এমপি’র শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহকারী ব্যক্তিগত চিকিৎসক আ ন ম মনোয়ারুল কাদির বিটু।
রোববার (১৫ নভেম্বর) বিকেলে রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর হৃদ্যন্ত্রের রক্তনালিতে সফলভাবে দুটি স্টেন্ট (রিং) স্থাপন করা হয়। পরবর্তীতে তাকে নিবিড় পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় চিকিৎসার জন্য হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় এদিন ডা. মনোয়ারুল কাদির বিটু হাসপাতালে উপস্থিত হয়ে স্বাস্থ্যমন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় তিনি তার চিকিৎসায় নিয়োজিত চিকিৎসকদের সঙ্গে চিকিৎসার সার্বিক অগ্রগতি ও বর্তমান শারীরিক অবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি স্বাস্থ্যমন্ত্রীর প্রয়োজনীয় চিকিৎসাসেবা সর্বোচ্চ গুরুত্ব, আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করেন।
এ সময় তিনি স্বাস্থ্যমন্ত্রীর নিকট মাননীয় প্রধানমন্ত্রীর সহমর্মিতার বার্তা পৌঁছে দেন এবং তার পরিবারের সদস্যদের প্রতিও সমবেদনা ও আন্তরিক সহমর্মিতা প্রকাশ করেন।
উল্লেখ্য, এর আগের দিন সকালে বুকে ব্যথা অনুভব করলে স্বাস্থ্যমন্ত্রীর দ্রুত এনজিওগ্রাম সম্পন্ন করা হয়। পরীক্ষায় তার হৃদ্যন্ত্রের রক্তনালিতে দুটি ব্লক শনাক্ত করেন চিকিৎসকরা। পরবর্তীতে প্রয়োজনীয় চিকিৎসার অংশ হিসেবে তার রক্তনালিতে দুটি স্টেন্ট স্থাপন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. নুরুজ্জামান খসরু, বক্ষব্যাধি হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. মো. রাশেদুল হাসান রিপনসহ সংশ্লিষ্ট চিকিৎসকবৃন্দ।
স্বাস্থ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সরদার সাখাওয়াত হোসেন বকুলের দ্রুত সুস্থতা এবং পূর্ণাঙ্গ আরোগ্য কামনা করেছেন উপস্থিত চিকিৎসক ও শুভাকাঙ্ক্ষীরা।
সময়ের আলো/জেডি