প্রকাশ: রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ৮:০১ পিএম
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। ছবি : সংগৃহীতচলতি নভেম্বরের শেষ দিকে কর্মসংস্থানের জন্য মালয়েশিয়া যাচ্ছেন বাংলাদেশের ১০ হাজার কর্মী। তাদের মধ্যে এক হাজার জুলাই যোদ্ধার বিদেশযাত্রার সম্পূর্ণ ব্যয় বহন করবে সরকার। রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদে এ তথ্য জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
সংসদের প্রশ্নোত্তর পর্বে মন্ত্রী জানান, মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার জন্য নির্ধারিত মেডিকেল সেন্টারের তালিকা সোমবার (১৬ নভেম্বর) প্রকাশ করা হবে। দেশটিতে যেতে সরকার নির্ধারিত অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা।
এদিন সংসদে প্রবাসীদের সুরক্ষা ও বিদেশে তাদের নানা সমস্যার বিষয়েও আলোচনা হয়। এক সংসদ সদস্য বলেন, ২০২৫-২৬ অর্থবছরে বিদেশ থেকে দেশে ৪ লাখ ৩৪ হাজার কোটি টাকা রেমিট্যান্স এসেছে। অথচ দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা প্রবাসীরা বিদেশে নানা ধরনের দুর্ভোগের শিকার হচ্ছেন।
প্রবাসীদের উপার্জিত অর্থ দেশে পাঠানোর পর পারিবারিক জটিলতা ও প্রতারণা, বিমানবন্দরে লাগেজ কাটা, হয়রানি, দালালদের হাতে জিম্মি হওয়া, নির্যাতন এবং পরিবারের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগ তুলে ধরেন ওই সংসদ সদস্য। বিদেশে অসুস্থ বা বিপদগ্রস্ত কর্মীরা বাংলাদেশি দূতাবাস থেকে প্রত্যাশিত সহায়তা পান না বলেও অভিযোগ করেন তিনি। এসব সমস্যা সমাধানে সরকারের পরিকল্পনা জানতে চান।
জবাবে মন্ত্রী বলেন, বিদেশে বাংলাদেশি কর্মীদের সহায়তায় প্রতিটি মিশনে আলাদা ডেস্ক রয়েছে। এসব ডেস্কে কোনো সমস্যার তথ্য এলে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। প্রবাসীরা ইমেইলের মাধ্যমেও অভিযোগ জানাতে পারেন। অভিযোগ পাওয়ার পর দ্রুত জবাব ও প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হয়। প্রয়োজনে সংশ্লিষ্ট কর্মীর পরিবারের সদস্যদেরও তথ্য জানানো হয়।
মন্ত্রী আরও বলেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধের সময় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশিদের খোঁজখবর নেওয়া হয়েছে। তাদের চিকিৎসা ও ব্যয়ের বিষয়েও সহযোগিতা করা হয়েছে। চিকিৎসাধীন ব্যক্তিদের শারীরিক অবস্থার তথ্য নিয়মিত পরিবারের সদস্যদের জানানো হয়েছে।
বিদেশে কর্মরত বাংলাদেশিদের যেকোনো সমস্যার তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও সংসদকে জানান মন্ত্রী।
সময়ের আলো/জেডি