প্রকাশ: রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ৯:৩১ পিএম আপডেট: ১৫.১১.২০২৬ ৯:৩৬ পিএম
জাতীয় পরিচয়পত্র। সংগৃহীত ছবি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের নামে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণার বিষয়ে জনসাধারণকে সতর্ক করেছে নির্বাচন কমিশন (ইসি)। হোয়াটসঅ্যাপ ও ফেসবুক মেসেঞ্জারে ইসির কর্মকর্তা পরিচয়ে একটি চক্র সাধারণ মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে বলে জানিয়েছে সংস্থাটি।
রোববার (১৫ নভেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ অধিশাখা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম বিশেষ করে হোয়াটসঅ্যাপ ও ফেসবুক মেসেঞ্জার ব্যবহার করে প্রতারক চক্রের সদস্যরা জাতীয় পরিচয়পত্র সংশোধন করে দেওয়ার প্রলোভন দেখিয়ে মানুষের কাছ থেকে অর্থ আদায় করছে। এ সময় তারা নিজেদের নির্বাচন কমিশনের কর্মকর্তা হিসেবে পরিচয় দিচ্ছে। এমনকি কোনো কোনো ক্ষেত্রে নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তাদের ব্যক্তিগত ছবিও ব্যবহার করছে।
ইসি জানিয়েছে, জাতীয় পরিচয়পত্র সংশোধনসহ এ-সংক্রান্ত কোনো সেবা দিতে হোয়াটসঅ্যাপ, ফেসবুক কিংবা অন্য কোনো সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করা হয় না।
বিজ্ঞপ্তিতে এনআইডি-সংক্রান্ত যেকোনো সেবা পেতে সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন অফিসে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি এ বিষয়ে সহায়তার জন্য নির্বাচন কমিশনের ১০৫ নম্বর হটলাইনে কল করতে বলা হয়েছে।
সময়ের আলো/ইউএমএইচ