প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ৪:৩১ এএম
ছবি : সংগৃহীত রাজধানীর বিভিন্ন স্থানে রাতভর ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সোমবার (১৬ নভেম্বর) রাত সোয়া ১২টা থেকে আড়াইটা পর্যন্ত নগরীর কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে এসব ঘটনা ঘটে। দুর্বৃত্তরা মোটরসাইকেল ও অটোরিকশায় এসে এসব ঘটনায় জড়িত ছিল বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।
পুলিশের ধারণা, নগরীতে আতঙ্ক ছড়াতে নিষিদ্ধ সংগঠন ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা এসব ঘটনা ঘটিয়ে থাকতে পারেন। তবে এসব ঘটনায় কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
একাধিক সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, রাতের প্রথম প্রহর থেকেই রাজধানীর বিভিন্ন স্থানে ধারাবাহিকভাবে ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। রাত দুইটার দিকে কয়েকটি স্থানে যানবাহনে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। এসব ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের অধিকাংশই মোটরসাইকেলে করে এসেছিলেন বলে জানা গেছে।
তবে একটি ঘটনায় অটোরিকশাচালকের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। রাত সোয়া ১২টার দিকে মিরপুর মাজার রোডের ধানসিঁড়ি হোটেলের সামনে এক অটোরিকশাচালক ককটেল নিক্ষেপ করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন বলে জানা গেছে। সাম্প্রতিক কয়েক দিনের মধ্যে রাতে ককটেল নিক্ষেপের ঘটনায় কোনো অটোরিকশাচালকের জড়িত থাকার এটিই প্রথম তথ্য।
এ বিষয়ে দারুস সালাম থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) শহীদুল্লাহ গণমাধ্যমকে বলেন, তাদের থানা এলাকায় ককটেল বিস্ফোরণের কোনো খবর এখনো পাওয়া যায়নি। তবে বিভিন্ন স্থানে পুলিশের টহল দল দায়িত্ব পালন করছে। তাদের কাছ থেকে খবর পেলে বিস্তারিত জানা যাবে।
এদিকে রাত সাড়ে ১২টার পর রাজধানীর পররাষ্ট্র মন্ত্রণালয় কম্পাউন্ডের পকেট গেটের সামনে, সুপ্রিম কোর্টের গেটে এবং মিরপুরের কালশী ফ্লাইওভারে ওঠার মুখে কয়েকটি ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
শাহবাগ থানার ডিউটি অফিসার রাসেল পারভেজ গণমাধ্যমকে বলেন, সুপ্রিম কোর্টের সামনে তাদের চেকপোস্ট রয়েছে। তবে এ ধরনের কোনো ঘটনার খবর তারা এখনো পাননি।
অন্যদিকে রাত সোয়া দুইটার দিকে শ্যামপুর পুলিশ ফাঁড়ির পাশে একটি ট্রাকে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। কাছাকাছি সময়ে মতিঝিলের এজিবি কলোনির পাশে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসেও আগুন দেওয়া হয়।
এ ছাড়া রাতে হোটেল রেডিসনের সামনে ও জাতীয় প্রেসক্লাবের সামনেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
সময়ের আলো/এসএকে