ইনুর রায়ে অসন্তুষ্ট নাহিদ ইসলাম, উচ্চ আদালতে আপিলের আহ্বান

সময়ের আলো ডেস্ক

রাজনীতি

জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পূর্তি উপলক্ষে মাসব্যাপী 'দেশ গড়তে জুলাই জাগরণ কর্মসূচি' শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বুধবার (১

2026-07-01T22:17:26+00:00
2026-07-01T22:17:26+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
রাজনীতি
ইনুর রায়ে অসন্তুষ্ট নাহিদ ইসলাম, উচ্চ আদালতে আপিলের আহ্বান
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ১ জুলাই, ২০২৬, ১০:১৭ পিএম 
'দেশ গড়তে জুলাই জাগরণ কর্মসূচি' চলাকালে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সংগৃহীত ছবি
জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পূর্তি উপলক্ষে মাসব্যাপী 'দেশ গড়তে জুলাই জাগরণ কর্মসূচি' শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বুধবার (১ জুলাই) রাজধানীর রায়েরবাজারে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের গণকবর জিয়ারতের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। এ সময় শহীদদের প্রতি শ্রদ্ধা জানান দলের শীর্ষ নেতারা।  

গণকবর জিয়ারত শেষে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক নতুন বাংলাদেশ গড়ার যে প্রত্যাশা ছিল, তা এখনো বাস্তবায়িত হয়নি। 

সম্প্রতি ট্রাইব্যুনালে সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুর বিরুদ্ধে ঘোষিত রায় নিয়ে অসন্তোষ প্রকাশ করেন নাহিদ। তার দাবি, এই রায়ে শহীদ পরিবার, আহত আন্দোলনকারী ও দেশের মানুষ কাঙ্ক্ষিত ন্যায়বিচার পাননি। তার অভিযোগ, জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত গণহত্যায় ইনুর প্রত্যক্ষ ভূমিকা ছিল। তাই তিনটি মামলায় ১০ বছর করে কারাদণ্ড যথেষ্ট নয় বলেও মন্তব্য করেন তিনি।  

এনসিপির আহ্বায়ক রাষ্ট্রপক্ষকে উচ্চ আদালতে আপিল করে আরও কঠোর শাস্তি নিশ্চিত করার উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

এ সময় তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বিদেশে অবস্থানরত জুলাই গণহত্যা এবং অন্যান্য আলোচিত হত্যাকাণ্ডের অভিযুক্তদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবি জানান। তার ভাষ্য, বিচার শেষ করে রায় কার্যকর করলেই প্রকৃত ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব।


নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদ বাস্তবায়ন, রাষ্ট্রের কাঠামোগত সংস্কার এবং গণভোটের রায় কার্যকর করা এখনো এনসিপির প্রধান দাবিগুলোর একটি। তার অভিযোগ, নির্বাচনের সময় সংস্কার ও বৈষম্যহীন রাষ্ট্র গঠনের যে অঙ্গীকার করা হয়েছিল, তার বাস্তব প্রতিফলন এখনো দৃশ্যমান নয়। সে কারণেই এবারের জুলাই জাগরণ কর্মসূচির মূল লক্ষ্য গণহত্যার বিচার ও রাষ্ট্র সংস্কারের দাবিকে সামনে আনা।

সরকারের উদ্দেশে তিনি বলেন, শুধু আনুষ্ঠানিকভাবে জুলাই গণঅভ্যুত্থান উদযাপন করলেই চলবে না; জনগণের প্রত্যাশা অনুযায়ী সংস্কার বাস্তবায়নের মাধ্যমে সরকারের অবস্থান স্পষ্ট করতে হবে।

এ সময় জুলাই গণঅভ্যুত্থান জাতীয় জাদুঘর চালু না হওয়ার বিষয়েও ক্ষোভ প্রকাশ করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, আগামী ৫ আগস্টের মধ্যে জাদুঘরটি খুলে দিতে হবে। অন্যথায় জনগণ নিজেরাই সেটি খুলে দেবে।

অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে নিহত প্রায় ১ হাজার ৪০০ শহীদ, আহত আন্দোলনকারী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মী, শিক্ষক, শ্রমিক, আইনজীবী, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী, আলেম, প্রবাসী এবং আন্দোলনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করা সব শ্রেণি-পেশার মানুষের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন নাহিদ ইসলাম।

এ সময় এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতাসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



সময়ের আলো/ইউএমএইচ



  বিষয়:   নাহিদ ইসলাম  ইনু  রায়  উচ্চ আদালত  আপিল 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: